রেড রোডের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতে সম্প্রীতির বার্তা, সৌজন্য বিনিময় সিভি আনন্দ বোস ও মমতার
কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান প্রতিবারের মতো এবারও বর্ণময়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। ছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেলা ১০ টার পরে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী রেড রোডে আসেন।
সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দেখা গেল রেড রোডেও। এই বিষয়ে ট্যাবলোও সাজানো হয় রাজ্যের তরফ থেকে। রাজনৈতিকভাবে এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

এর আগে তৃণমূল নেত্রী রাম মন্দির উদ্বোধনের দিন সংহতি মিছিল করেছিলেন। রাজ্যের ব্লকে ব্লকে এই মিছিলের ডাক দিয়েছিলেন তিনি। দলনেত্রী নিজে কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন। হাজরা থেকে মিছিল পার্কসার্কাস অবধি হয়েছিল। বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা মিছিলের সামনের সারিতে উপস্থিত ছিলেন।
এবার দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে রেড রোডে দেখা গেল ট্যাবলো৷ সম্প্রীতির বার্তা দেওয়া হল ট্যাবলো থেকে। একতাই সম্প্রীতি বলে ট্যাবলোর সামনে লেখা ছিল। এছাড়াও ট্যাবলোর গায়ে একাধিক ছবি। পশ্চিমবঙ্গের কাটআউট ছিল, রঙ সবুজ। তার মধ্যে লেখা 'একতাই সম্প্রীতি'।
বড় অক্ষরে লেখা ' ধর্ম যার যার, উৎসব সবার'। দক্ষিণশ্বরের মন্দির, নাখোদা মসজিস ও গির্জার ছবি দেখতে পাওয়া যায় ট্যাবলোর ছবিতে। বহু ধর্মের প্রতীক দিয়ে সাজানো ট্যাবলো। একটি গাছের অবয়ব করা হয়েছে। যার নীচে লেখা 'একতা বৃক্ষ'। বিভিন্ন ধর্মের শিশুদের মুখ সিম্বোলিক হিসেবে ট্যাবলোতে ব্যবহার করা হয়েছে। ট্যাবলোর গায়ে লেখা, পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগ।
প্রজাতন্ত্র দিবসের দিন এই ট্যাবলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিকভাবেও এই ট্যাবলোর গুরুত্ব আছে। এমন মনে করছে ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকালে এসে পৌঁছান রেড রোডে। কিছুটা দূরে তিনি গাড়ি থেকে নামেন। এরপর হেঁটে তিনি রেড রোডের নির্ধারিত জায়গায় পৌঁছান।
উপস্থিত সকলকে নমস্কার করতে করতে মুখ্যমন্ত্রী আসেন। রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। তিনি মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। মুখ্যমন্ত্রীর সঙ্গে রেড রোডে আসেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। রাজ্যের নারীশক্তির বার্তা মুখ্যমন্ত্রী দিলেন। এমনও মনে করছেন একাংশ।
মুখ্যমন্ত্রী নিজের আসন গ্রহণ করেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পাশে তাঁর আসন। রাজ্যপাল সিভি আনন্দ বোস পৌঁছান এরপর রেড রোডে। তিনি পৌঁছালে মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকার তাঁকে অভ্যর্থনা জানান। রাজ্যপাল নিজের আসন গ্রহণ করেন।
রেড রোডে প্রজাতন্ত দিবসের অনুষ্ঠান শুরু হয়। গার্ড অব অনার দেওয়া হয়। রাজ্যের সঙ্গে রাজভবনের অতীতে একাধিক বার সংঘাত দেখা গিয়েছে। কিন্তু এদিন ছিল সম্পূর্ণ সৌজন্য। এদিনের অনুষ্ঠানে ছিল আঁটোসাটো নিরাপত্তা। প্রচুর সংখ্যায় সিসিটিভি এবার লাগানো হয় এই চত্বরে।












Click it and Unblock the Notifications