জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা, অনশনে বসার হুমকি ম্যাথুর
মুচিপাড়া থানায় হাজিরা দিয়ে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। সেইসঙ্গে তিনি চ্যালেঞ্জও ছুড়ে দেন পুলিশকে।
পুলিশি হেনস্থা বন্ধ না হলে অনশনে বসার হুমকি দিলেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। তাঁর অভিযোগ, পরিকল্পনাপ্রসূতভাবেই তাঁকে তোলাবাজি মামলায় তলব করে হেনস্থা করা হচ্ছে। পুলিশ ইচ্ছা করেই এই নাটক করে চলেছে বলেও তাঁর অভিযোগ।
মঙ্গলবার মুচিপাড়া থানায় হাজিরা দিয়ে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। সেইসঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন পুলিশকে। বলেন, 'পুলিশ চাইলে আমার নারকো অ্যানালিসিস টেস্ট করাতে পারে। আমার তাতে কোনও আপত্তি নেই। কিন্তু দিনের পর দিন থানায় ডেকে এই হেনস্থা বন্ধ করুক।'

মঙ্গলবার সকালেই মুচিপাড়া থানায় হাজিরা দিতে আসেন ম্যাথু স্যামুয়েল। তদন্তের স্বার্থে বেশ কিছু নথি ও ম্যাথুর দু'টি মোবাইল এদিন পেশ করার কথা ছিল পুলিশের হাতে। কিন্তু সেইসব পুলিশের হাতে এদিন তুলে দিতে পারেননি তিনি। সিবিআই-এর কাছে ওইসব নথি জমা আছে বলে তিনি পুলিশকে জানান।
স্যামুয়েল জানান, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন। পুলিশ চাইলে নারকো অ্যানালিসিস টেস্ট করতে পারে। তাতেই কোনটা সত্য আর কোনটা মিথ্যা, তা সামনে এসে যাবে। তবে এই পরীক্ষা করতে গেলে আদালতের নির্দেশ জরুরি। ম্যাথু নিজে থেকেই নারকো অ্যানালিসি টেস্টের কথা বলায় বিপাকে পড়েছে পুলিশ।
সোমবারই কলকাতা পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন ম্যাথু স্যামুয়েল। তিনি ই-মেল করে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন খোদ পুলিশের বিরুদ্ধেই। তাঁর অভিযোগ ছিল পুলিশ তাঁকে হেনস্থা করছে। তোলাবাজির মামলায় ডেকে নারদ স্টিং অপারেশন নিয়ে জেরা করা হচ্ছে।
উল্লেখ্য, গত সপ্তাহে পর পর তিনদিন তাঁকে তলব করা হয়েছিল। এদিন ফের তাঁকে মুচিপাড়া থানার পুলিশ তলব করল। সেখানে হাজিরা দিতে গিয়েই নারকো টেস্টের প্রসঙ্গ তোলেন ম্যাথু। এবং হেনস্থা বন্ধ না হলে অনশনের হুমকিও দেন তিনি।












Click it and Unblock the Notifications