দাবদাহে রাজ্যে মৃত ৯, আগামী মাসের আগে অস্বস্তি কমবে না, জানাল হাওয়া অফিস
কলকাতা, ২৩ মে : তীব্র দাবদাহে কার্যত পুড়ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জেলা। গলগল করে গামছেন মানুষ। ফ্যানের তলা থেকে একফোটা কোথাও সরার জো নেই। সঙ্গে সঙ্গে গায়ের জামা ভিজে চুপচুপে হয়ে যাচ্ছে।
লু-এর আশঙ্কা খানিক দূর হলেও আপাতত এই গরম থেকে মে মাসের বাকী দিনগুলি অন্তত রেহাই পাওয়ার জো নেই। এমনটাই সতর্কবাণীতে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বর্ষা আসতে খানিক দেরিই রয়েছে। ফলে ততদিন গরমে গলদঘর্ম হওয়া ছাড়া আর কিছুই করার নেই বঙ্গবাসীর।

হাওয়া অফিস জানিয়েছে, মাঝে কোনও এক-দুটি জেলায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে। তবে তাতে আলাদা করে গোটা রাজ্যে গরমের দাপট কমার এখুনি কোনও লক্ষণ নেই।
অন্যদিকে এই তীব্র দাবদাহের জেরে এদিন ফের একটি মৃত্যু ঘটনা ঘটেছে রাজ্য়ে। যাদবপুর এলাকার এক ট্যাক্সিচালক সানস্ট্রোকে মারা গিয়েছেন। ফলে সবমিলিয়ে রাজ্যে গরমে মৃতের সংখ্যা আপাতত ৯-এ গিয়ে পৌঁছেছে।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, বায়ুমণ্ডলের নিচের স্তরে থাকা নিম্নচাপ-অক্ষরেখা খানিক দুর্বল হতেই বিহার-ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে মধ্য ভারতের গরম হাওয়া প্রতিবারের মতোই এবারও হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের মতো জেলা তাপপ্রবাহে ঝলসে যাচ্ছে। বাকী জেলা গুলির অবস্থাও খুব শোচনীয়। গরমে ত্রাহি ত্রাহি অবস্থা সকলের।












Click it and Unblock the Notifications