বহুতলের জানলা বেয়ে উঠছে লেলিহান শিখা, ধোঁয়ায় ঢাকল গণেশচন্দ্র অ্যাভিনিউ
কলকাতায় গণেশচন্দ্র অ্যাভিনিউতে বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলছে আগুন। বহুতলের জানলা বেয়ে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। চারিদিকে কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। ৫ তলা বিল্ডিংয়ের ভেতরে কেউ আটকে নেই বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নেভানোর জন্য নিয়ে আসা হয়েছে ল্যাডার। পাঁচতলা বহুতলের ভেতরে একাধিক সরকারি দফতর রয়েছে আগুনে একাধিক সরকারি নথি পুড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খাচ্ছে দমকল। সকাল ১০টা নির্ধারিত সময়েই সেখানে কর্মীরা পৌঁছতে শুরু করেছিলেন। হঠাৎ করেই তাঁরা আগুন দেখতে পান এবং বহুতল থেকে বেরিয়ে আসেন। তারপরেই আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে দমকলের ৭টি ইঞ্জিন সেখানে পৌঁছেছিল। তারপরে সেখানে আরো তিনটি ইঞ্জিন পাঠানো হয়। রাস্তার উপরের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় অফিস টাইমে ট্রাফিক পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছিল।

একাধিক জায়গায় আটকে দেওয়া হয়েছিল গাড়ি-বাস। একাধিক বাসকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। আশপাশের বহুতলগুলি খালি করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন আগুনকে অ্যারেস্ট করা গিয়েছে। কিন্তু এখনও পকেট ফায়ার রয়েছে। সেটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে। প্রাথমিক ভাবে অনুমনা শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।












Click it and Unblock the Notifications