অধ্যক্ষের প্রশ্নের উত্তরে মানস ভুঁইয়া বললেন, ‘আমি কংগ্রেস বিধায়ক!’
মানস ভুঁইয়া কোন দলের বিধায়ক, সেই বিতর্ক পৌঁছেছে অধ্যক্ষের দরবারে। অধ্যক্ষের কাছে শুনানি চলাকালীন মানসবাবু নিজ মুখে জানালেন, ‘আমি কংগ্রেসের বিধায়ক।
কলকাতা, ২০ এপ্রিল : মানস ভুঁইয়া কোন দলের বিধায়ক, সেই বিতর্ক পৌঁছেছে অধ্যক্ষের দরবারে। অধ্যক্ষের কাছে শুনানি চলাকালীন মানসবাবু নিজ মুখে জানালেন, 'আমি কংগ্রেসের বিধায়ক। এখনও আমি কংগ্রেসেই আছি।' অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই স্বীকারোক্তি করলেও সাংবাদিকদের কাছে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান। বলেন, 'সাবজুডিসিয়াল বিষয়, এ নিয়ে কোনও মন্তব্য করব না।'
বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেস বিধায়ক আবদুল মান্নানের করা অভিযোগের ভিত্তিতে মানস ভুঁইয়াকে নিয়ে শুনানির আয়োজন করা হয়েছিল বিধানসভায়। সেই শুনানি চলাকালীন, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, আপনি কোন দলে আছেন? মানসবাবু দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, 'আমি এখনও কংগ্রেসে আছি।' এরপরই শোরগোল পড়ে যায়। অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'অভিষেক আমার ছেলের মতো, ও ডেকেছিল তাই গিয়েছিলাম।'

বিতর্কিত এই ইস্যু সমাধান হয়নি বুধবার। তাই বৃহস্পতিবার ফের ডাকা হয়েছে শুনানি। দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে দ্বন্দ্ব চলছে। তাই এবার এর সুষ্ঠু সমাধান করতে তৎপর অধ্যক্ষও। মানসবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই এই বিতর্ক চলছে। বিরোধীরা অভিযোগ করতে থাকে, সবং-এ তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতারি এড়াতেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন মানস।
বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান এ প্রসঙ্গে অধ্যক্ষের দ্বারস্থও হন। মান্নান দাবি জানান, মানসবাবুকে স্পষ্ট করতে হবে তিনি কোন দলে আছেন। তিনি কংগ্রেসে আছেন, নাকি তৃণমূলে? যদি তিনি তৃণমূলে থাকেন তবে কংগ্রেসের বিধায়ক পদ ত্যাগ করে তাঁকে উপনির্বাচনে লড়তে হবে। অধ্যক্ষ জানান, বিষয়টি নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে সময় লাগবে। তারপর অনেক দিনই গড়িয়েছে। এবার শুনানি ডেকে অধ্যক্ষ মানসবাবুর বিতর্কিত বিষয়টির সমাধান করতে উদ্যোগী।












Click it and Unblock the Notifications