নোট বাতিল একেবারেই ‘ফ্লপ শো’, মমতার টুইট হানায় বিদ্ধ মোদী
মমতা প্রশ্ন তুলেছিলেন, এই নোট বাতিলের পিছনে বড় কেলেঙ্কারি রয়েছে। এদিন সেই প্রশ্নই ফের উত্থাপন করলেন মুখ্যমন্ত্রী। বললেন, নোট বাতিল ফ্লপ শো।
নরেন্দ্র মোদীর নোট বাতিল ইস্যুকে 'ফ্লপ শো' বলে ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্ট প্রকাশ হওয়ার পর টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, মোদীর নোট বাতিল একেবারেই 'ফ্লপ শো'। প্রমাণ হয়ে গেল আজ। এতদিন যে কথা আমরা বলেছিলাম, তা-ই সত্য বলে প্রমাণ হল। প্রমাণ হল শুধু ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করতে মানুষকে অন্ধকারে ঠেলে দিয়েছিল সরকার। অর্থনৈতিক কারণ নয়, রাজনৈতিক কারণেই নোট বাতিল করা হয়েছিল।

এদিন ফেসবুকেও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি ফেসবুকে লেখেন, এই নোট বাতিলের জেরে বহু মানুষ মারা গিয়েছেন গোটা দেশে। আশা করি রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট সামনে আসার পর দেশের মানুষ এবার সুবিচার পাবেন। মানুষ লাইন দিয়ে দীর্ঘদিন হয়রানের শিকার হয়েছেন। লাইন দাঁড়িয়ে মানুষ মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে পড়েছেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, এদিন নোট বাতিলের উদ্দেশ্য নিয়ে যে ভাঁওতাবাজি করেছিল মোদীর সরকার, সেই মুখোশ পুরোপুরি খসে পড়েছে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রন্টফুটে থেকে নোট বাতিলের বিরূদ্ধে আন্দোলনে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। দিল্লি থেকে কলকাতা, লখনউ থেকে পাটনা- প্রতিবাদের ঝড় তুলেছিলেন মমতা।
তখনই তিনি প্রশ্ন তুলেছিলেন, এই নোট বাতিলের পিছনে বড় কেলেঙ্কারি রয়েছে। এদিন সেই প্রশ্নই ফের উত্থাপন করলেন মুখ্যমন্ত্রী। বললেন, দুর্নীতি দমন নয়, বড় কেলেঙ্কারি করতেই এই নোট বাতিলের পরিকল্পনা হয়েছিল। কালো টাকা উদ্ধারে মোদী সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। কালো টাকার কারবারিদের টিকিও ছুঁতে পারেনি মোদীর সরকার। এবার মানুষ এই ব্যর্থ সরকারের বিচার করবেন।












Click it and Unblock the Notifications