‘সৌরশ্রী’তে বন্ধ ভর্তুকি, ফের কেন্দ্রের বিরুদ্ধে সংঘাতে নামছে মমতার সরকার
সৌরশ্রী ও রুফটপ প্রকল্পে আর ভর্তুকি দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। রাজ্যও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, কেন্দ্র ভর্তুকি দেওয়া বন্ধ করে দিলে আন্দোলন পথে হাঁটবে তারা।
ফের কেন্দ্রের সঙ্গে সংঘাতের পথে নামল রাজ্য। এবার সৌরবিদ্যুৎ প্রকল্পে ভর্তুকি বন্ধ করে দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধে নামতে চলেছে মমতার সরকার। সৌরশ্রী ও রুফটপ প্রকল্পে আর ভর্তুকি দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। রাজ্যও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, কেন্দ্র ভর্তুকি দেওয়া বন্ধ করে দিলে আন্দোলন পথে হাঁটবে তারা।
সৌরশ্রী ও রুফটপ নামে দুই প্রকল্পের উপর ভর করে সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর দিয়েছিল রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধনও করেছিলেন। বহু প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যবহার শুরু হয়েছিল। তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ প্রকল্পের ব্যবহার কমাতেই এই প্রকল্পে জোর দেওয়া হয়েছিল।

এখন কেন্দ্রীয় সরকার হঠাৎ ভর্তুকি বন্ধ করে উন্নয়নের গতি রোধ করতে চাইছে বলে অভিযোগ। উল্লেখ্য এই প্রকল্পে কেন্দ্রের তরফে ৩০ শতাংশ ভর্তুকি দেওয়া হত। এবার থেকে এই ভর্তুকির টাকা আর দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র। ফলে দুই প্রকল্পের ভবিষ্যৎ অন্ধকারে দাঁড়িয়ে। তৃণমূল সরকারের পক্ষা থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। ওদের এই অভিসন্ধি সফল হবে না।
রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বলেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত রাজ্যের উন্নয়ন পথে বাধা সৃষ্টি করতেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানানো হয়েছে। অর্থমন্ত্রক এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে সংঘাতের পথেই হাঁটতে চলেছে। কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে রাজ্য হাত গুটিয়ে বসে থাকবে না। কেন্দ্রের এই সিদ্ধান্তে রাজ্যের বহু প্রকল্প বন্ধ হয়ে যাবে। তা কিছুতেই মেনে নেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভর্তুকি না দিলে প্রকল্প তুলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে আন্দোলনের রাস্তাতেই হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications