মোদীকে জাতীয় লজ্জা বলে পদত্যাগ দাবি করলেন মমতা! ভেনাস' আর 'ভেজিটেবলে' মিমের ঝড়ে মুখ্যমন্ত্রী
Mamata On Modi: বিধানসভায় পাস হয়ে গেল অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড (Aparajita Woman And Child Bill) বিল। আর তারই মধ্যে নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিধানসভাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিলের উপর বলার সময় দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। তাতেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রীকে ধর্ষণ-বিরোধী কড়া আইন প্রণয়নের দাবি জানিয়ে দুটি চিঠি দিয়েছিলাম। তিনি নিজে তার উত্তর দেননি। যে মন্ত্রীকে দিয়ে চিঠি দিয়েছেন তাতে তথ্যের ভুল রয়েছে। প্রধানমন্ত্রী পারেননি বলেই আমরা বিল এনেছি।
মমতা বিজেপি বিধায়কদের উদ্দেশে বলেন, রাজ্যপালকে বলুন বিলে সই করতে। তিনি রাষ্ট্রপতির কাছে পাঠালে তাঁর অনুমতিক্রমে বিল আইনে পরিণত হবে। রাজ্য সরকারের এমন আইন আনার অধিকার রয়েছে। এ ব্যাপারে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে।
মমতা দেশের নানা প্রান্তে, ধর্ষণ, শ্লীলতাহানির একঝাঁক উদাহরণ তুলে ধরেন। তখন ফের তাঁর পদত্যাগের দাবিতে সরব হন বিজেপি বিধায়করা। মমতা বলেন, আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন। উনি জাতীয় লজ্জা। উনি মেয়েদের রক্ষা করতে পারেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি সরকারের মন্ত্রী, বিজেপি-শাসিত রাজ্য সরকারগুলির মুখ্যমন্ত্রী এবং এখানকার বিরোধী দলনেতারও পদত্যাগ করা উচিত।
মমতা এদিন বেশ কয়েকটি ফাউল করে বসেন। যেমন- মহিলাদের বিশেষ শারীরিক অবস্থা ভেজিটেটিভকে বলে বসেন ভেজিটেবল! ভিনেশ ফোগাটকে ভেনাস বলে বসেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম ছড়াতে শুরু করেছে। মমতা ভেনাস কাকে বললেন তা নিয়ে সংশয় প্রকাশ করেন অনেকেই।
মমতা বলেন, সাক্ষী মালিকদের সঙ্গেও অনেক অত্যাচার হয়েছে। আমার তো মনে হয় ভেনাস (পড়ুন ভিনেশ ফোগাট) সোনা জিততেও পারতেন। ক্রস চেক করে দেখতে হবে ভেনাস (পড়ুন ভিনেশ)-কে কোনও ষড়যন্ত্রের শিকার হতে হলো কিনা।
উল্লেখ্য, কুস্তি ফাইনালের দিন ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় তাঁকে ফাইনালে নামতে দেওয়া হয়নি। ফলে সোনা বা রুপো জয়ের আশা শেষ হয়ে যায়। কোনও পদক ছাড়াই তাঁকে ফিরতে হয়েছে। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে আবেদন করেছিলেন ভিনেশ। বড় বড় আইনজীবী দাঁড় করানো হলেও নিয়মের জাঁতাকলে ভিনেশের সেই আবেদন খারিজ হয়ে যায়। সামনে হরিয়ানা বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে ভিনেশের রাজনীতিতে যোগদানের সম্ভাবনা রয়েছে। এই আবহে ভিনেশ ইস্যুতে মোদী সরকারকে নাম না করে মমতার কটাক্ষ গোটা বিষয়ে অন্য মাত্রা যোগ করল।












Click it and Unblock the Notifications