মমতার স্বপ্নপূরণে শুভেন্দুর চমক জল পরিবহণে, ভেনিসের ধাঁচে পর্যটন তিলোত্তমা কলকাতায়
কলকাতাকে লন্ডন করার স্বপ্ন দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই কলকাতার সৌন্দর্য বৃদ্ধিতে তিনি মন দিয়েছিলেন ক্ষমতায় আসার পরই। এবার চালু ওয়াটার ট্যাক্সি।
কলকাতাকে লন্ডন করার স্বপ্ন দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই কলকাতার সৌন্দর্য বৃদ্ধিতে তিনি মন দিয়েছিলেন ক্ষমতায় আসার পরই। তিলোত্তমা কলকাতাতে স্বপ্নসুন্দরী করে তুলতে নানা পরিকল্পনা গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী। আর তাঁর পদাঙ্ক অনুকরণ করে পরিবহণ দফতর চালু করছে ওয়াটার ট্যাক্সি পরিষেবা। ভেনিস-লন্ডনের ধাঁচে কলকাতায় গঙ্গাবক্ষে ওয়ার ট্যাক্সি চালু হবে আগামী তিনমাসের মধ্যে।

কলকাতায় ওয়াটার ট্যাক্সি চালুর জন্য ইতিমধ্যে টেন্ডারও হয়ে গিয়েছে। পরিবহণ দফতর সিদ্ধান্ত নিয়েছে, আপাতত দুটি রুটে এই ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালু হবে। বেলুড় থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ওয়াটার ট্যাক্সি চালু হবে প্রথম দফায়। পরে তা জুড়বে বেলুড় থেকে মিলেনিয়াম পার্ক পর্যন্ত। যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রেখে এই পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কলকাতাকে নতুন করে চেনাতে আপাতত দুটি ওয়াটার ট্যাক্সি নিয়ে আসা হয়েছে রাজ্যে। নতুন এই জলযানে আটটি আসন থাকছে। যাত্রী নিরাপত্তায় ট্যাক্সিতেই থাকছে লাইফ জ্যাকেট। এক-একটি ওয়াটার ট্যাক্সির দাম পড়েছে ১৪ লক্ষ টাকা। ওড়িশার একটি সংস্থার কাছ থেকে ওয়াটার ট্যাক্সিগুলি কিনেছে রাজ্য পরিবহণ দফতর।

পরিবহণ দফতর নয়া এই পরিষেবায় যুক্ত করছে রাজ্যের দুই পর্যটন কেন্দ্র বা তীর্থস্থানকে। রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত এই দুই পর্যটন কেন্দ্রের মধ্যে যাতায়াত করবে ওয়াটার ট্যাক্সি। পরবর্তী সময়ে বেলুড় মঠ থেকে মিলেনিয়াম পার্ক পর্যন্ত এই পরিষেবা চালু করা হবে।
গঙ্গাবক্ষ দিয়ে শুরু হচ্ছে ওয়াটার ট্যাক্সি পরিষেবা। পরবর্তী সময়ে অন্য নদীগুলিতেও এমন পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশের মধ্যে একমাত্র বারাণসী শহরে এই পরিষেবা চালু রয়েছে। আর গুয়াহাটিতে সম্প্রতি একটি বেসরকারি সংস্থার সঙ্গে জলযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভেনিস, লন্ডন, দুবাই, ব্যাঙ্ককের মতো এই পরিষেবা এবার চালু হচ্ছে কলকাতায়। মূলত বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখে পরিষেবা চালু করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। এছাড়া অন্যান্য পর্যটকদের পরিষেবা দিতেও পরিবহণ দফতর নয়া ব্যবস্থা চালু করছে। এবার ওয়াটার ট্যাক্সির সৌজন্যে প্রমোদ ভ্রমণ নয়া মাত্র পেতে চলেছে রাজ্যে।












Click it and Unblock the Notifications