বাজেটের দিন মোদী সরকারকে টেক্কা দিতে মাস্টারপ্ল্যান মমতার, দেখুন কী করতে চলেছেন তিনি
আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের দিন পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
কেন্দ্রের বিরুদ্ধে কোমর বেঁধে বিরোধিতায় নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধিতায় তিনিই যে প্রধান মুখ তা বোঝাতে চেষ্টার কসুর করছেন না। পাশাপাশি রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদও সুযোগ পেলেই করছেন মমতা।

সেই রণকৌশল থেকেই আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের দিন পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই বিষয়ে সবুজ সঙ্কেত বেশ কিছুদিন আগেই দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের এবছরের বাজেটকে লোকসভা ভোটের আগে পেশ হওয়া চমক ছাড়া আর কিছুই ভাবতে রাজি নন মমতা। আর তাই কেন্দ্রীয় বাজেটের তাল কাটতেই রাজ্য বাজেট পেশ করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
তৃণমূল নেতারা বলছেন, লোকসভা ভোটের আগে বাজেটে নতুন গিমিক তৈরি করতে চায় কেন্দ্র। নোটবাতিল ও জিএসটি বলবৎ করায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন এদেশের কৃষক ও মধ্যবিত্তরা। সেই ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টায় উদ্যোগী হয়েছে মোদী সরকার। তবে সেই চেষ্টা বানচাল করে দেবে তৃণমূল সরকার।
রাজ্য়ে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বাজেটে কৃষকদের বাড়তি সুবিধা দিয়ে ভোটবাক্সে ফায়দা লুটতে চাইছে বিজেপি। অরুণ জেটলি বাজেট পেশ করবেন ও এদিকে ফায়দা লুটবেন দিলীপ ঘোষ ও মুকুল রায়রা। সেটা কোনওমতে করতে দিতে চায় না তৃণমূল। সেজন্যই কেন্দ্রীয় বাজেটের দিন রাজ্য বাজেট পেশ করে পাল্টা চাল দিতে চাইছেন মমতা।
রাজ্যের বহু প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে আটকে রয়েছে বলে বহুবার সরব হয়েছেন মমতা। বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছেন। তা সত্ত্বেও এবারের বাজেটেও বিভিন্ন প্রকল্পে বরাদ্দ কোনওভাবেই কমাচ্ছে না রাজ্য। বরং বিভিন্ন উপায়ে আয় বাড়িয়ে উন্নয়নের পথ প্রশস্ত করতে চাইছে রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications