ভর্তির নামে তোলাবাজি নিয়ে সরব! যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
ছাত্র সংগঠনের দায়িত্ব শুধু টাকা তোলা নয়। টাকার থেকেও বড় হল আদর্শ। বিভিন্ন জায়গায় টিএমসিপির বিরুদ্ধে টাকা তোলার যে অভিযোগ উঠছে তা নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী।
ছাত্র সংগঠনের দায়িত্ব শুধু টাকা তোলা নয়। টাকার থেকেও বড় হল আদর্শ। বিভিন্ন জায়গায় টিএমসিপির বিরুদ্ধে টাকা তোলার যে অভিযোগ উঠছে তা নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভর্তির নামে তোলাবাজি নিয়ে সরব হয়েছেন তিনি।

দলের নামে টাকা তুললে তা দলের কোষাগারেই জমা দিতে হবে। ছাত্র সংগঠন-সহ তৃণমূলের বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন ভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে। দলের নেতাকর্মীদের অনেকেই দলের কাজে মন না দিয়ে টাকা তোলাতে মগ্ন। এই বিষয়টি নিয়েই হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দিন কয়েক আগে স্টুডেন্টস এইড ফান্ড-এর হিসেব চাওয়ায় গণ্ডগোলের জেরে ছাত্র সংসদের এক পদাধিকারীকে নগ্ন করে হেনস্থার অভিযোগ ওঠে কলকাতার সেন্ট পলস কলেজে। কলেজের এক ছাত্র ছাড়াও, কলেজের এক অশিক্ষককর্মী এবং তৃণমূলের এক বহিরাগত ছাত্র নেতাও ঘটনায় যুক্ত বলে অভিযোগ ওঠে। কলেজের তরফে কলেজের অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার করা হয়। সব মিলিয়ে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতারও করে পুলিশ।
এই ঘটনা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়। শুধু য়ে সেন্ট পলস কলেজে এই ঘটনা ঘটছে তা নয়, ভর্তি মরশুম চলতে থাকায় এই অভিযোগ উঠেছে শহর কিংবা মফস্বলের কলেজগুলি থেকে। অনলাইনে ভর্তির বন্দোবস্ত থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা সম্পর্কে আগেই সাবধান করেছিলেন শিক্ষামন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ফোন নম্বর দিয়ে ভর্তির প্রতিশ্রুতির অভিযোগ উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খানিকটা বিব্রত হওয়ার পর সরকারের প্রধানের এই ধরনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।












Click it and Unblock the Notifications