'আপনাদের জুলুম বাংলা মানছে না, মানবে না', একযোগে বাম-বিজেপি-নির্বাচন কমিশনকে তোপ মমতার
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবারও SIR ইস্যুতে সরব হয়েছেন। তিনি বলেছেন, জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না। একইসঙ্গে তিনি বিজেপি, বাম এবং নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় কেরলে নেতাজি সম্পর্কে ভুল তথ্য পড়ানোর অভিযোগ তুলে বামেদের রাজনৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া, তিনি বিজেপিকে এসআইআর, বাংলার শ্রমিকদের হেনস্থা এবং পরিবারতন্ত্রের অভিযোগে বিদ্ধ করেছেন। নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন, "আমি সব এজেন্সিকে সম্মান করি। কিন্তু বড়রা ললিপপ নিলে তা মানায় না।"

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মমতার এদিনের মন্তব্যগুলি তাৎপর্যপূর্ণ। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে নির্বাচনের সুর বাঁধার পর ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে সেই সুর আরও চড়ালেন তিনি। বিহারে এসআইআর-এর পর বাংলায় ভোটার তালিকার সংশোধন নিয়ে জল্পনা চলছে। তা নিয়ে তৃণমূল নেত্রী প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়েছেন।
মমতার অভিযোগ, বিজেপি সরকার এসআইআর-এর নামে এনআরসি করতে চাইছে। তাঁর কথায়, "এনআরসি করে ভোটার নাম কাড়ার চেষ্টা। জীবন থাকতে ভোটাধিকার কাড়তে দেব না।" মমতা আরও অভিযোগ করেন যে, বিজেপি ডিএম এবং বিডিওদের ভয় দেখাচ্ছে ও প্রলোভন দেখাচ্ছে।
তিনি বলেন, "আমরা ললিপপ বাচ্চাদের দিই। ১৮ বছরের নতুন ভোটারদের ললিপপ দিই না। গণতান্ত্রিক অধিকার প্রদান করি। তাই আপনাদের জোর-জুলুম বাংলা মানছে না, মানবে না। বিনা যুদ্ধে এক ইঞ্চি ছাড়েনি, ছাড়বে না।"
ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা প্রসঙ্গে মমতা বলেন, "আপনারা মানুষের অধিকার কেড়ে নেন। ক্ষমতা বিসর্জন দেন। বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষের উপর অত্যাচার করেন। গরিব মানুষ আমার হৃদয়, তাঁদের ভালোবাসি। আমি জাত-পাত মানি না।"












Click it and Unblock the Notifications