কাননের 'প্রেম' নিয়ে মুখ্যমন্ত্রীর কথা ফাঁস! নজরে কারা, যা বললেন মমতা
মন্ত্রিসভার বৈঠকের খবর ফাঁস হওয়া নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, এপ্রসঙ্গে তিনি ক্ষোভপ্রকাশও করেন।
মন্ত্রিসভার বৈঠকের খবর ফাঁস হওয়া নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, এপ্রসঙ্গে তিনি ক্ষোভপ্রকাশও করেন। শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে মন্ত্রিসভার বৈঠকে হওয়া কথা ফাঁস প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সবাই নজরে রয়েছেন। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

গতমাসের শেষে নবান্নে হওয়া মন্ত্রিসভার বৈঠকে উঠেছিল শোভন চট্টোপাধ্যায় প্রসঙ্গ। প্রেম করবেন না, দল ও প্রশাসনিক কাজ সামলাবেন? সূত্রের খবর অনুযায়ী, শোভন চট্টোপাধ্যায়কে এমনটাই প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠকে শোভন চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী তিরস্কার করেন বলেই খবর।
সূত্রের খবর অনুযায়ী, শুধু মন্ত্রিসভাতেই নয়, সারা রাজ্যের মানুষ শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করছেন বলে বৈঠকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি ঠিক কী করবেন, তা বান্ধবীর কাছে জিজ্ঞাসা করবেন কিনা, সেই প্রশ্নই মুখ্যমন্ত্রী করেন বলে জানা গিয়েছে। সেই সময় শোভন চট্টোপাধ্যায় কিছু বলার চেষ্টা করেও ব্যর্থ হন।
এরপর নাকি শোভন চট্টোপাধ্যায় দল এবং সরকার থেকে নিজের পদত্যাগের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে চিঠি দেন। শোভন চট্টোপাধ্যায় নাকি মুখ্যমন্ত্রীকে লিখেছিলেন, তিনি দীর্ঘদিন ধরে সাংসারিক সমস্যায় জর্জরিত, তা তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন। এমন কী মুখ্যমন্ত্রীকে জানিয়েই বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন বলেও জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়।
যদিও সেই পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী গ্রহণ করেননি। শোভন চট্টোপাধ্যায়কে নিজের গাড়িতে বসিয়ে হাসতে হাসতেই বেরিয়ে যান দুজনে, এমনটাই খবর সূত্রের।
বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সংবাদমাধ্যমে খবর ফাঁস হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন বলে সূত্রের খবর। শোভন চট্টোপাধ্যায়কে বলা তাঁর তিরস্কারের খবর কীভাবে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়ে যাচ্ছে তা নিয়েই নাকি মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন। যাঁরা সংবাদ মাধ্যমে খবর ফাঁস করেন তাঁরা সবাই নজরে আছেন বলে মুখ্যমন্ত্রী সতর্ক করে দিন। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
দিন দুয়েক আগে আলিপুর আদালতে খোরপোশ মামলার হাজিরায় বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেই নিয়ে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেখানে শোভন চট্টোপাধ্যায়কে খোরপোষের বিষয়ে আদেশ দেন বিচারক। শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছিলেন বিষয়টি নিয়ে উচ্চতর আদালতে আবেদন করা হবে।
তবে নিজের পারিবারিক বিষয় নিয়ে বাইরে কোনওরকম প্রশ্নের উত্তর তিনি দেবেন না বলেই জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications