‘বিশ্ববাংলা’য় জয় হাসিল করে নাম পরিবর্তনে ‘মিশন-বাংলা’, নতুন লক্ষ্য স্থির মমতার
‘এবার আমাদের লক্ষ্য বাংলার নাম পরিবর্তন করা। এ জন্য আমরা এখন অপেক্ষা করে আছি কেন্দ্রের সিদ্ধান্তের জন্য।’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের সরকারি প্রতীক উদ্বোধনের ঐতিহাসিক দিনেই নতুন লক্ষ্য স্থির করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্নে লোগো উদ্বোধনের পর তিনি বলেন, 'এবার আমাদের লক্ষ্য বাংলার নাম পরিবর্তন করা। এ জন্য আমরা এখন অপেক্ষা করে আছি কেন্দ্রের সিদ্ধান্তের জন্য।' শীঘ্রই এই রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টিও স্পষ্ট হয়ে যাবে বলে তিনি আশাবাদী।

মুখ্যমন্ত্রী বলেন, 'একটা রাজ্যের নাম পরিবর্তন করতে বেশ কিছু সময় লাগে, অনেক পদ্ধতির মধ্য দিয়ে এগোতে হয়। আমরা কেন্দ্রের কাছে দু-টি প্রস্তাব পাঠিয়েছিলাম। এক হল বিশ্ববাংলা লোগোর রাজ্যের প্রতীক হিসেবে স্বীকৃতি। আর দুই, রাজ্যের নাম পরিবর্তন। প্রথম লক্ষ্যে আমরা সফল হয়েছি। এবার আমরা দ্বিতীয় মিশন নিয়ে এগোব। রাজ্যের নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে বিধানসভায় প্রয়োজনীয় সংশোধনী পাস হয়ে গিয়েছে। এবার কেন্দ্রের দরবারে উপস্থিত এই প্রস্তাব।'
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'রাজ্য সরকারে নিজস্ব লোগো পেল, তা অমর অক্ষরে ইতিহাসে লেখা থাকবে। নতুন বছরের উপহার হয়ে এই লোগো বাংলার সমৃদ্ধির স্মারক হবে, এই কামনা করি আমরা সকলে। এদিন থেকেই রাজ্যস্তরে এই লোগোর ব্যবহার শুরু হয়ে যাবে। ধীরে ধীরে নিচুস্তরেও পৌঁছে যাবে এই লোগোর ব্যবহার।'

এদিকে ২০১৬ সালের ২ আগস্ট রাজ্যের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় মমতার মন্ত্রিসভা। সেইমতো বিধানসভা প্রস্তাব তোলা হয় এবং তা পাসও হয়ে যায়। ঠিক হয় রাজ্যের নাম পশ্চিমবঙ্গ না হয়ে বাংলা বা বঙ্গ হবে। ইংরেজিতে হবে বেঙ্গল। বিধানসভায় প্রস্তাব পাস হয়ে যাওয়ার পর তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠাতে হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তা অনুমোদন করলে যায় সংসদে।
সংসদে পাস হয়ে গেলে তা রাষ্ট্রপতির কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য যায়। এইভাবেই শেষ হয় রাজ্যের নাম পরিবর্তনের বৃত্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাঠানো প্রস্তাবের সংশোধনীও রাজ্যের মন্ত্রিসভায় পাস হয়ে গিয়েছে। এখন তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদনের অপেক্ষায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'খুব শীঘ্রই আমরা এই নাম পরিবর্তনের মিশনেও সফল হব। এবং অনুমোদন এসে গেলেই আমরা তা জানিয়ে দেব বাংলার মানুষকে।'












Click it and Unblock the Notifications