Mamata Banerjee: "না জেনেই জঙ্গি বলে দিচ্ছে!" শুভেন্দুর বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন মমতা

Mamata Banerjee: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় জবাবি ভাষণে রাজ্যের বিরোধী দলনেতা-সহ গোটা বিজেপিকে তুমুল তুলোধনা মুখ্যমন্ত্রীর। তৃণমূল (TMC) সরকারের জঙ্গি যোগের অভিযোগ করেন শুভেন্দু। এদিনের জবাবি ভাষণে তারই পাল্টা জবাব দিলেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, "এত কাজ করে এসে আমাকে শুনতে হবে জম্মু কাশ্মীরের জঙ্গির সঙ্গে আমার যোগ আছে? বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আমার যোগ আছে? না জেনেই বলে দেওয়া হচ্ছে আমি টেররিস্ট।" মমতার এই বক্তব্যের পরই বিধানসভায় শেম শেম স্লোগান তোলেন তৃণমূল বিধায়করা। মমতা বলেন, "বিরোধী দলনেতা হিসেবে যে ভাষা ব্যবহার করেছেন, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাব।"

Mamata

জঙ্গি প্রমাণ করতে পারলে, মুখ্যমন্ত্রিত্বে পদত্যাগ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুত্বের আস্ফালন নিয়েও শুভেন্দু অধিকারী-সহ গোটা বিজেপিকে অলআউট আক্রমণ শানালেন তিনি। বললেন, "যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছে তাদের বলার জন্য বলছি, আমিও ব্রাহ্মণ পরিবারের মেয়ে।

বিজেপিকে নিশানা করে মমতা আরও বলেন, "আমাকে মুসলিম লীগ বলছেন, আপনারা তো ভোটে জেতার জন্যে মুসলিম লীগের সাহায্য নেন। ফাঁস করব সে কথা? একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একদিন যদি তারা একটা আন্দোলনের ডাক দেয়, আপনি সামলে রাখতে পারবেন তো?"

সরস্বতী পুজো নিয়ে সংঘাতের ছবি দেখেছে গোটা বাংলা। যদিও বিধানসভায় এদিন মমতার দাবি, "সরস্বতী পুজো সব ঘরে, স্কুলে, ক্লাবে, পাড়ায় হয়েছে। যোগেশ চন্দ্র চৌধুরী ডে কলেজ ও যোগেশ চন্দ্র ল কলেজে কোর্টের নির্দেশে ২টো পুজোই হয়েছে।" দুটো পুজোর ছবি প্রমাণ হিসেবে তুলে ধরেন মমতা। স্পিকারের কাছে সেই প্রামাণ্য নথি হিসেবে জমাও দেন। মিথ্যে কুৎসা রটানো হচ্ছে বলে দাবি মমতার।

হিন্দুত্ব নিয়ে পাল্টা বিজেপিকে আক্রমণে মমতার আরও বক্তব্য, "দিল্লির নেতারা এসে বলেন বাংলায় দুর্গাপুজো করতে দেয় না। তথাকথিত হিন্দু যারা, তারাপীঠ মন্দির ঘুরে দেখেছেন? রাত্রিবেলায় স্বামী বিবেকানন্দের বাড়ি যখন দখল হচ্ছিল, তখন কোথায় ছিলেন? ভোটের সময় আপনারা বিবেকানন্দের বাড়ি যান। দার্জিলিংয়ে সিস্টার নিবেদিতা যে বাড়িতে প্রয়াত হয়েছিলেন, তা বিমল গুরুং দখল করেছিলেন।"

এরপর নানা প্রসিদ্ধ মন্দিরের নাম তুলে ধরেন মমতা। বলেন, "ভবতারিণী মন্দির, তারাপীঠ মন্দির, কঙ্কালীতলা সতীপীঠ, ফুল্লরা মায়ের মন্দির, তারকনাথের মন্দির, মদনমোহন মন্দিরে উন্নয়ন কারা করেছে? কালীঘাটের মন্দিরে স্কাইওয়াক কারা করছে? আমাদের সরকার। গঙ্গাসাগরের ব্রিজ করে দেওয়ার জন্য বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছে। বিজেপির হিন্দু পথপ্রদর্শকরা, আপনারা বলেছিলেন? আমরা করেছি।"

দীঘায় জগন্নাথধাম নিয়ে শুভেন্দুকে নিশানা মমতার। মমতা বলেন, "দীঘায় জগন্নাথধাম হোক, বকবক বাবু কি বলেছিলেন, তার মানে আপনি চান না। খুব জ্বালা হচ্ছে, কচুরিপানায় গিয়ে বসে থাকুন। বুকের পাটা থাকলে আটকাবেন। মমতা ব্যানার্জির ভয় টয় নেই।" শবেবরাতের ছুটি নিয়ে বিজেপির খোঁচার পাল্টা খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী। বলেন, "শবেবরাত নয়। পঞ্চানন বর্মার জন্মদিবসের ছুটি ছিল। পঞ্চানন বর্মার অসম্মান করে রাজবংশীদের ভোট চাইতে যাবেন না।"

সাসপেনশন ইস্যুতে বিধানসভার বাইরে শুভেন্দুদের ধরনা প্রসঙ্গে মমতা বলেন, "আদর্শগত পার্থক্য সত্ত্বেও সংসদে বৈঠকে থাকে তৃণমূল। বাইরে বলা হচ্ছে, বিরোধীদের বলতে দেওয়া হয় না। এখানে ৫০ শতাংশ সময় দেওয়া হয় বিরোধীদের। তা সত্ত্বেও কুৎসা অপপ্রচার বাংলার। আমি যখন কাগজ ছিঁড়ে ছুড়়েছিলাম, তখন আমি একা ছিলাম। ৩৯ শতাংশ ভোট পেয়েও আমি তখন একা ছিলাম।"

মমতা বলেন, "বিজেপি সিপিএম কংগ্রেস আমাকে একসঙ্গে বলতে দিত না। বিধানসভায় পক্ষে বিপক্ষে কথা হয়। এটাই গণতন্ত্রের বৈশিষ্ট্য। আমি নিজেই বিরোধীদের প্রশ্নের উত্তর দিই। ভাগাভাগির চেষ্টা বিধানসভায় বরদাস্ত নয়। চারজনদের সাসপেন্ড নিয়ে কথা বলেছেন, আত্মমর্যাদা বিসর্জন দিয়ে রাজনীতি করি না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+