অভিষেকের কনভয়ে কুর্মিদের হামলায় কড়া মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কুর্মিরা হামলা চালিয়েই ক্ষান্ত হননি, আদিবাসী সম্প্রদায়ের মুখ মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ভাঙচুর চালানো হয়। স্বল্পের জন্য প্রাণে বেঁচে যান মন্ত্রী। এই ঘটনায় কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন তিনি।
পুরুলিয়ার পর এদিন ঝাড়গ্রামের শালবনিতে কুর্মি আন্দোলনকারীদের অসন্তোষের মুখে পড়েন অভিষেক। আগের দিন অভিষেক দাঁড়িয়ে কুর্মি সম্প্রদায়িরে নেতাদের সঙ্গে কথা বলেন। এদিন অভিষেকে কনভয় শালবনিতে প্রবেশ করতেই, দু-তিনটি গাড়ি চলে যাওয়ার পর অন্য গাড়িগুলিতে বাঁশ নিয়ে হামলা চালাতে উদ্যত হয়। গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন আন্দোলনকারীরা।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি খতিয়ে দেখে মুখ্যসচিবকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে কথা বলেন।
তিনি জানতে চান, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল। মুখ্যমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন কথা বলেন, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের সঙ্গেও। তিনিও জেলা প্রশাসনকে দ্রুত রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কথা বলেন মন্ত্রী বীরবাহা হাঁসদার সঙ্গেও। মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের ঘটনাকে মোটেও হালকা করে দেখছেন না। তিনি গোটা ঘটনায় পুলিশ ও প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। শনিবার জঙ্গলমহল যাওয়ার আগে তিনি কড়া ব্যবস্থা নিতে বলেছেন প্রশাসনকে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে ঝাড়গ্রামের শালবনিতে যাচ্ছিলেন। তাঁর কনভয় শালবনিতে ঢুকতেই কুর্মিরা হামলা চালায়। সেই কনভয়েরই একটি গাড়িতে ছিলেন বীরবাহা হাঁসদা। তাঁর গাড়িতে কুর্মিদের ছোড়া ইটে এসে লাগে। গাড়ির কাচ ভেঙে যায়।

এই ঘটনার পর মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, আমি নিজেও আদিবাসী সমাজের মানুষ। কিন্তু এভাবে আন্দোলন হয় নাকি! বীরবাহা এই ঘটনাকে অসভ্যতা বলে বর্ণা করেন। তিনি বলেন, আমরাও আন্দোলন করেছি, কিন্তু এই ধরনের অসভ্যতা হয়নি সেখানে।
উল্লেখ্য, নবজোয়ার কর্মসূচি শেষ করে লোধাশুলি থেকে কনভয় শালবনির উদ্দেশে যাচ্ছিল যখন, তখনই ঘটনাটি ঘটে। ৫ নম্বর রাজ্য সড়কের ধারে বিক্ষোভরত কুর্মি সম্প্রদায়ের আন্দোলনকারীরা এই ঘটনা ঘটান। তাঁরা তৃণমূল সেকেন্ড ইন কম্যান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর বলে স্লোগানও দেন।












Click it and Unblock the Notifications