'কয়লার টাকা শুভেন্দু হয়ে পৌঁছয় অমিত শাহের কাছে', ইডি তল্লাশি নিয়ে বিরোধিতার মাঝেই বোমা ফাটালেন মমতা
হাজরার জনসভা থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ধরে গুরুতর অভিযোগ করে হুঁশিয়ারি দেন, "আমার কাছে সব পেনড্রাইভ করা আছে, লক্ষণ রেখা পার করলে, ফাঁস করে দেব।"
বৃহস্পতিবার আই-প্যাক (I-PAC)-এর কর্ণধারের বাড়ি ও অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর তল্লাশি অভিযানের খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা সেখানে যান। বেশ কিছুক্ষণ পর হাতে মাইক্রোফোন, মোবাইল ফোন ও সবুজ রঙের ফাইল নিয়ে তিনি বেরিয়ে আসেন। ইডির এই হানা ও মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে।

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেন, "IPAC-র জন্য মুখ্যমন্ত্রীর এত মাথাব্যথা কেন, নিশ্চয়ই কোনও রহস্য আছে!" একই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা পাচারের অভিযোগ তুলে বলেন, "বলছে কয়লার টাকা, কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার!" তাঁর দাবি, এক 'গদ্দারের’ মাধ্যমে তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছয়।
তিনি আরও অভিযোগ করেন, "সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়। পুরীর জগন্নাথ নয়। বড় ডাকাত বিজেপির। জগন্নাথের মাধ্যমে টাকা যায়, শুভেন্দু অধিকারীর কাছে। আর শুভেন্দু অধিকারীর কাছে টাকা যায়, অমিত শাহর কাছে।"
এই প্রসঙ্গে মমতা দৃঢ়স্বরে বলেন, "শুনুন আপনাদের ভাগ্য ভালো, আমি চেয়ারে আছি বলে ওই পেনড্রাইভগুলি বাইরে বের করে দিই না। বেশি রাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেনড্রাইভ করা আছে। আমি কিন্তু ভাণ্ডা ফাঁস করে দেব। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্য বজায় রাখি। অনেক কিছু জানি। বলিনা দেশের স্বার্থে।"
মমতা বলেন, "মনে রাখবেন, সীমারেখা পেরিয়ে গেলে কিন্তু, আর সামলে রাখতে পারবেন না।" যা করেছেন কোনওটাই অন্যায় করেননি বলেও এদিন দাবি করেছেন তৃণমূলনেত্রী মমতা।












Click it and Unblock the Notifications