এইভাবে কি দেশ চলবে? জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ED হানা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার
দ্বাদশীর সকালে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কিছু বিরুদ্ধে বললেই ইডির রেড করিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিষয়টিকে নোংরা খেলা বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।
সবাই যখন বিজয়ায় ব্যস্ত, জেলার মন্ত্রীরা যখন কার্নিভালে ব্যস্ত সেই সময় ইডির তল্লাশি নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এইভাবে মুখ বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কেন্দ্রের শাসক বিজেপির প্রতি তীব্র আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন বিজেপির চোর-ডাকাতদের বাড়িতে কি তল্লাশি হচ্ছে? অভিযুক্ত বিজেপি নেতাদের বাড়িতে তল্লাশি না হওয়ার নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আদালতের নির্দেশে তদন্তকে স্বাগত জানানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সুপ্রিম কোর্টের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টও বলেছে প্রমাণ থাকতে হবে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন এইভাবে কি দেশ চলবে? কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যখন তখন আইন বদলে দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।
দিন কয়েক আগে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সেই কথাও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ফিরহাদ হাকিমের স্ত্রী তাঁকে বলেছেন শাড়ি-কসমেটিকসের ছবিও তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও ঘি-মশলার কৌটো উল্টে দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
এদিনই রাজস্থানের মুখ্যমন্ত্রীর ছেলের বাড়িতে হানা দিয়েছে ইডি। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে সেই কথাও উল্লেখ করেছেন। রাজস্থানে বিধানসভা নির্বাচনের আগে এই তল্লাশি নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ১৯৮১-৮২ সালের তথ্য চাওয়ার কথা তুলে ধরে বলেন, সেই সময় তো তাঁর জন্মই হয়নি। জিএসটি-সহ বিভিন্ন কর বাবদ রাজ্য থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে যাওয়া হলেও ১০০ দিনের কাজের টাকা বাকি রাখা নিয়ে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী।
শান্তিনিকেতনকে ইউনেস্কোর তরফে হেরিটেজ ঘোষণা করার পরে সেখানে যে ফলক বসানো হয়েছে, তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই। এব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, তিনি ২৪ ঘন্টা সময় দিচ্ছেন। তার মধ্যে এটির পরিবর্তন করা না হলে দলের নেতাকর্মীরা সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বুকে নিয়ে আন্দোলনে নামবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি সব কিছুর ওপরে নজর রাখছেন, দিন দুয়েক দেখে ফের প্রতিক্রিয়া জানাবেন।












Click it and Unblock the Notifications