Mamata on SSC Verdict: "রায় মানতে পারছি না," ২৬০০০ চাকরি যেতেই মমতা বললেন, "'SSC স্বশাসিত, সরকার নাক গলায় না"
Mamata on SSC Verdict: এসএসসি মামলায় সুপ্রিম নির্দেশে বাতিল ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। সকালে এই রায়ের পরই দুপুরে নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানবিকভাবে সুপ্রিম কোর্টের এই রায় মেনে নিতে পারছেন না বলে জানান মুখ্যমন্ত্রী। রায় আসার পরই শাসকদলকে বিঁধেছে বিরোধীরা। এদিন বাম-বিজেপিকেও পাল্টা বিঁধলেন মুখ্যমন্ত্রী।
মধ্যপ্রদেশের কথা টেনে এনে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "ব্যাপমকাণ্ডে কী হয়েছে? একজনের অপরাধে কতজনের শাস্তি হয়? প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তো জেলে রেখেছেন।" এসএসসিকে স্বশাসিত সংস্থা, তাদের কাজে সরকার নাক গলায় না বলে দাবি মমতার। তিনি বলেন, "এসএসসি অটোনমাস বডি, আমরা ইন্টারফেয়ার করি না।" কোর্টের নির্দেশ মেনেই ৩ মাসের মধ্যে গোটা বিষয়টি দেখে নেওয়া হবে বলে জানান মমতা। তিনি বলেবন, এসএসসি কোর্টের রায় মেনে ৩ মাসের মধ্যে কাজ করবে।

দুপুরেই নবান্নে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ-ও উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, "বিচার যেমন বিরুদ্ধে গেছে। তেমন দুটো পথও খুলে দিয়েছে। রায় মেনেই আমরা সেটা করব। আমরাও রেকর্ড খুঁজে বের করব। ২০১৬ সালে কারা কারা মন্ত্রী ছিলেন। কারও কাছে কোনও রেকর্ড থাকলে আমাদের দিয়ে সাহায্য করবেন। কোনও একটি জেলায় কীসের ভিত্তিতে নিয়োগ হয়েছে আমি জানি।"
চাকরিহারাদের পাশে থাকার বার্তা মমতার। বাম বিজেপি শিক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। তাই যদি কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তার দায় বাম-বিজেপিকে নিতে হবে বলে মন্তব্য মমতার। অনেক শিক্ষক মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের খাতা দেখছে, আত্মরক্ষার সুযোগ দেওয়া উচিত বলে দাবি মমতার। স্কুল-কলেজে পড়াবে কে? এক জনের অপরাধে কতজনের শাস্তি হয়? প্রশ্ন মমতার।
মমতা বলেন, "আমি শুনেছি শিক্ষক-শিক্ষিকারা অনেকে ডিপ্রেস্ড। ডিপ্রেশনে চলে যাচ্ছেন অনেকে। আমরা চাই না একটাও দুর্ঘটনা ঘটুক। তাই পরিবারগুলির পাশে দাঁড়িয়েছি মানবিকতার স্বার্থে। যাদের চাকরি গিয়েছে, তারা সংগঠন তৈরি করেছেন। সবাই একত্রিত হতে চেয়ে শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন। যদি তাঁদের সভায় উপস্থিত থাকি, তাঁরা খুশি হবেন।" ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। চাকরিচ্যুতদের মানসিক চাপ না নিতে অনুরোধ মমতার।












Click it and Unblock the Notifications