মমতার ভাষণ এবার ফেসবুক লাইভে, মিশন ২০১৯-এর বার্তা সরাসরি ৪২ লোকসভা কেন্দ্রে
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মিশন ২০১৯-এ কী বার্তা দেবেন মমতা, কী চ্যালেঞ্জ জানাবেন নরেন্দ্র মোদীকে, তা শুধু ধর্মতলা থেকেই নয়, সরাসরি দেখা যাবে সোশ্যাল মিডিয়াতেও।
তৃণমূলের একুশে জুলাইয়ের কর্মসূচি এবার লাইভ দেখতে পাবেন ফেসবুকে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মিশন ২০১৯-এ কী বার্তা দেবেন মমতা, কী চ্যালেঞ্জ জানাবেন নরেন্দ্র মোদীকে, তা শুধু ধর্মতলা থেকেই নয়, সরাসরি দেখা যাবে সোশ্যাল মিডিয়াতেও। শুধু একটা স্মার্ট ফোন থাকলেই মমতার ভাষণ আপনার হাতের মুঠোয় পৌঁছে যাবে এবার।

চমকের শেষ এখানেই নয়, একসঙ্গে ৪৪টি ফেসবুক পেজে লাইভ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। ৪২টি লোকসভা কেন্দ্রিক পেজ, একটি ২১ জুলাই পেজ ও অন্যটি তৃণমূলের অফিসিয়াল পেজ। একুশে জুলাইয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে সকলের হাতের মুঠোয় মমতার ভাষণ পৌঁছে দিতে অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার একুশে জুলাইয়ের গুরুত্ব অনেক। শুধু কি রজতজয়ন্তী বর্ষ। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে শেষ একুশে দুলাইও এটা। এই সভা থেকেই মিশন ২০১৯-এর বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতা-কর্মীদের উদ্দেশে লোকসভা নির্বাচনের রূপরেখা তৈরি করে দেবেন তিনি। তাই সমস্ত কর্মীর কাছে মমতার ভাষণ পৌঁছনও জরুরি। যে সমস্ত কর্মীরা মমতার সমাবেশের কাছাকাছি পৌঁছতে পারবেন না, তাঁরাও মোবাইসে সব কিছু পেয়ে যাবেন।
এদিকে মমতার একুশে জুলাইয়ের সমাবেশে প্রস্তুতিতে কোথাও কোনও ত্রুটি রাখা হচ্ছে না। মঞ্চ বাঁধা থেকে শুরু করে, জমায়েত- সর্বত্রই কড়া নজর রাখা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, এবার আগের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যাবে ভিড়। তাই বিশেষ ব্যবস্থা তো নিতেই হবে।
এর আগেও ফেসবুক লাইভের সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের সিনিয়র নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়করা প্রত্যেকে লাইভে বক্তব্য রাখেন। এবার ২১ জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ফেসবুক লাইভ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তা তুলে ধরা হচ্ছে লোকসভা কেন্দ্রের ৪২টি পেজে।












Click it and Unblock the Notifications