মমতাকে শোকজের জবাবি চিঠি পৌঁছেছে দফতরে, জানাল নির্বাচন কমিশন
কলকাতা, ২১ এপ্রিল : নির্বাচন কমিশনের করা শোকজের জবাব দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের কাছে এদিন জবাবি চিঠি এসে পৌঁছেছে বলে জানা গিয়েছে।
ভোটের দিন ঘোষণা হওয়ার পরে সারা রাজ্যে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যায়। তারপরও বর্ধমানে গিয়ে নির্বাচনী সভায় আসানসোলকে আলাদা জেলা করার কথা ঘোষণা করেন মমতা। সেই বক্তব্য নির্বাচনী আচরণ বিধি ভাঙার শামিল, এমনটাই দাবি করে কমিশনে অভিযোগ জানায় বিরোধীরা।

সেই প্রেক্ষিতে শোকজ করে জবাব চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠায় কমিশন। চিঠি পৌঁছয় নবান্নে। সেই চিঠির আবার জবাব দেন রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। তা নিয়েও বেশ জলঘোলা হয়। তৃণমূল নেত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁকে পাঠানো চিঠির জবাব একজন সরকারি আমলা কীভাবে দিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা।
বাসুদেব বন্দ্যোপাধ্যায়কেও শোকজ করা হয়। এবং তাঁর দেওয়া জবাব কমিশন গ্রহণ করবে না জানিয়ে দেওয়া হয়। একইসঙ্গে বলা হয়, মমতাকেই চিঠির জবাব দিতে হবে। একমাত্র তাহলেই তা গ্রহণ করা হবে।
সেইমতো কমিশনের নির্দেশ মেনে শোকজের জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই চিঠি দফতরে পৌঁছেছে বলে প্রাপ্তিস্বীকার করেছে নির্বাচন কমিশন। সেই চিঠির জবাব দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications