মুখ্যমন্ত্রীর কপালে ৪টে সেলাই, কী উল্লেখ রয়েছে মেডিকেল রিপোর্টে?
লড়াকু তিনি। বারবার প্রমাণ করেছেন। এবারও সেই বার্তা দিয়ে গেলেন দলীয় কর্মীদের। কপালে চারটে সেলাই নিয়েও হাসপাতালে ভর্তি হলেন না। ব্যান্ডেজ নিয়ে ফিরে গেলেন কালীঘাটের বাড়িতে। আপাতত স্থিতিশীল থাকলেও চিকিৎসকদেরক অবজারভেশনে রয়েছেন তিনি।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ে আহত হওয়ার খবর পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আরোগ্য কামনা করেছেন। তিনি লিখেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি। সেই সঙ্গে উপরাষ্ট্রপতি জগদীপ খনখড়ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করেছেন।

সন্ধে সাড়ে সাতটা নাগাদ গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁর রক্তাক্ত ছবি শেয়ার করে আরোগ্য কামনা করা হয়েছিল। তারপরেই সকলে জানতে পারেন তাঁর আহত হওয়ার খবর। জানা যায় বাড়িতেই হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিলেন তিনি। তাতেই তাঁর মাথায় আঘাত লাগে।
কপালে গভীর ক্ষত তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর। তাতে চারটে সেলাই পড়েছে বলে জানিয়েছেন টিকিৎসকরা। ইতিমধ্যেই হাসপাতালে মুখ্যমন্ত্রীর সিটিস্ক্যান, এমআরআই এবং ডপলার পরীক্ষা করা হয়েছে। কিন্তু তারপরেও তিনি হাসপাতালে থাকতে চাননি। কালীঘাটের বাড়িতেই ফিরে গিয়েছেন। সেখানে তাঁকে অবজারভেশনে রাখা হয়েছে।
মুখ্যমন্ত্রীর চিকিৎসায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। আগামীকাল তাঁর বাড়িতে গিয়ে দফায় দফায় চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করবেন। লড়াকু নেত্রী হাসপাতাল থেকে বেরোনোর সময় দলীয় কর্মীদের হাত নেড়েছেন। বুঝিয়েছেন তিনি সুস্থ আছেন। দলের কর্মীদের যাতে মনোবল ভেঙে না যায় তার জন্য তিনি এক কথায় বার্তা দিয়েছেন।
এর আগেও একাধিকবার আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। নন্দীগ্রামে প্রচারে গিয়ে ধাক্কা দিয়ে তাঁকে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেসময় পায়ে প্লাস্টার নিয়েই প্রচার করেছিলেন তিনি। তারপরে জলপাইগুড়িতেও পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। হেলিকপ্টার থেকে নামতে গিয়ে আঘাত পান। আবার স্পেনে গিয়েও চোট পেয়েছিলেন তিনি। কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়েননি। এবারও দলীয় কর্মীদের সেই বার্তাই দিয়েছেন।












Click it and Unblock the Notifications