‘বিজেপি অফিসে বসেই বাদুড়িয়াকাণ্ডের পরিকল্পনা’, তাঁর এই অভিযোগে আর কী বললেন মমতা
বসিরহাটে অশান্তির ঘটনায় বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিশানা করলেন মমতা। তিনি বলেন, ‘রাজনৈতিক দলের অনেক দায়িত্ব। এলাকা সন্ত্রস্ত করা রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যে পড়ে না।’
বসিরহাটকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত সাপেক্ষেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। শনিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপিকেও। বলেন, বসিরহাটে দঙ্গায় মদত রয়েছে বিজেপি-র। বিজেপি অফিস থেকেই এই দাঙ্গায় উসকা্নি দেওয়া হচ্ছে। ধর্মীয় বিদ্বেষ তৈরি করে সংঘর্ষ বাধানোর খেলায় মেতেছে কেন্দ্রের শাসক দল।
এদিন সাংবাদিক বৈঠক থেকে শান্তির বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলের কাছে আবেদন করেন, হিংসার পথ ছেড়ে শান্তির পথে ফেরার। বলেন, 'একটা রাজনৈতিক দলের অনেক দায়িত্ব। এলাকা সন্ত্রস্ত করা রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যে পড়তে পারে না। আর এখানে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা।'

বসিরহাটকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী তোপ দাগেন, 'সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এক শ্রেণির মানুষ বিদ্বেষ ছড়াচ্ছে। ফেসবুকের নামে ফেকবুক চলছে। ফেসবুকের মাধ্যমে একটা ঘটনায় অন্য ছবি ব্যবহার করে ভুল বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে মানুষের কাছে।' এমনকী উসকানি দিতে ভোজপুরী সিনেমার ছবিও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ মমতার।
আসলে এটা একটা সুপরিকল্পিত চক্রান্ত। আর এই গোটা চক্রান্তের পিছনে রয়েছে বিজেপির হাত। বিজেপি কাশ্মীরে হিংসা রুখতে পারেনি। পাহাড়ে হিংসা ছড়াতে ইন্ধন দিচ্ছিল। এখন আবার বাংলার বিভিন্ন এলাকায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। সব পরিকল্পনা বিজেপি অফিসে বসে হচ্ছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের গণতান্ত্রিক পরিকাঠামো ভাঙার চেষ্টা চালাচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রী বলেন, এই অপচেষ্টাকে সম্মিলিতভাবে রুখতে হবে।












Click it and Unblock the Notifications