২৪-এর লড়াই শুরু সেই কর্নাটক থেকেই! মমতার বিজেপিকে হারানোর বার্তা কুমারস্বামীকে
২০২৪-এর লড়াই শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় ফ্রন্টের লক্ষ্যে একের পর এক ভিনরাজ্যের নেতার সঙ্গে বৈঠক করেই চলেছেন তিনি। অখিলেশ যাদবের পর একে একে নবীন পট্টনায়ক, কুমারস্বামীর সঙ্গে বৈঠক করলেন মমতা। শুক্রবার কালীঘাটের বাড়িতে জেডিএস নেতা কুমারস্বামীর সঙ্গে বৈঠকে ২০২৪-এর লড়াইয়ের সলতে পাকানো শুরু করলেন তিনি।
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেডিএস নেতা কুমারস্বামীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী বিষয়ে কথা হল, তা উভয়ের কেউই মুখ খোলেননি। কিন্তু তাঁদের আলোচনা যে ২০২৪-কে কেন্দ্র করে তা বুঝতে ভুল হয় না। আর ২০২৪-এর সেই যুদ্ধ ২০২৩ থেকেই শুরু করে দেওয়ার বার্তাই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেন বলে সূত্রের খবর।

মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন ২০২৩-একর কর্নাটক নির্বাচনের প্রচারে যাওয়ার জন্য জেডিএস নেতা কুমারস্বামী আহ্বান জানান। মে মাসের মধ্যে কর্নাটকের বিধানসভা নির্বাচন হতে পারে। সেই নির্বাচনে এবার ত্রিমুখী লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। কংগ্রেস বনাম বিজেপির লড়াইয়ে তৃতীয় শক্তি হিসেবে থাকবে জেডিএস।
এদিন সৌহার্দ্যপূর্ণ আলোচনায় কুমারস্বামীর উদ্দেশে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লড়াই শুরু করতে হবে এখন থেকেই। কর্নাটকে বিজেপিকে হারাতে হবে। সেই বার্তাই তিনি দেন কুমারস্বামীকে। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আগাম জানিয়েছেন কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারে তিনি যাওয়ার চেষ্টা করবেন। তবে যেতে পারবেন কি না তা নিশ্চিত নয়।
মমতা এদিন তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন কুমারস্বামীকে। তিনি জানিয়েছেন, যেভাবে হোক বিজেপিকে হারাতে হবে। ২০২৪-এ বিজেপিকে হারাতে হলে এখন থেকেই লড়াইা শুরু করতে হবে। ২০২৩-এর কর্নাটক বিধানসভা নির্বাচন পর্ব থেকেই লড়াইটা শুরু করা দরকার বলে তিনি জানিয়ে দেন।

মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের পরেই স্পষ্ট করে দেন এবার কংগ্রেস ও বিজেপির সঙ্গে সমদূরত্ব রেখে চলবেন তাঁরা। প্রয়োজনে একলা চলো নীতি নিয়ে প্রতিটি রাজ্যের আঞ্চলিক দলগুলির সঙ্গে সখ্যতা রেখে তাঁরা চলতে চায়।
এইভাবেই তৃতীয় ফ্রন্টের লক্ষ্যে পাঁচ দিনে তিনজন আঞ্চলিক দলের নেতার সঙ্গে তিনি বৈঠক সেরে ফেললেন। জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা। সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে কালীঘাটে বৈঠকের পর ২৩ মার্চ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন তিনি বৈঠক করলেন কর্নাটকের জেডিএস নেতা কুমারস্বামীর সঙ্গে।

বিজেপির বিরুদ্ধে জোট করার পরিকল্পনা নিয়ে বৈঠকের পর কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী দিল্লির দরবারে আন্দোলনে শামিল হবেন বলেও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন। এরই মধ্যে জাতীয রাজনীতিতে ঘটে গিয়েছে বড়সড় ঘটনা। রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ করে দেওয়া হয়েছে। তা নিয়ে উত্তাল রাজনীতি।












Click it and Unblock the Notifications