কর্ণাটকে গোলমাল! ফের বিজেপিকে কাঠগড়ায় তুলে তুলোধোনা মমতার
কর্ণাটকে রাজ্যপাল বাজুভাই বালা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। এই প্রসঙ্গে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কর্ণাটকে রাজ্যপাল বাজুভাই বালা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। ইয়েদুরাপ্পা সেই আহ্বানে সাড়া দিয়ে এদিন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে বিজেপির মাত্র ১০৪টি আসন ও বিরোধী কংগ্রেস ও জেডিএসের ১১৬টি আসন রয়েছে, সেখানে কীভাবে রাজ্যপাল ইয়েদুরাপ্পাকে সরকার গড়ার আহ্বান জানাতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী।
এইডি কুমারস্বামীর নেতৃত্বে বিরোধী জোট সরকার গড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বলে এদিন জানিয়েছেন মমতা। তিনি কুমারস্বামীর সঙ্গে ফোনে কথা বলেন। বিজেপিকে ঠেকাতে কড়া হাতে লড়াই চালানোর পরামর্শ দেন। ভোটে জেতায় অভিনন্দনও জানান।
এদিন ফের একবার আঞ্চলিক দলগুলির শক্তি নিয়ে কথা বলতে গিয়ে মমতা বলেন, তিনি বরাবরই চেয়েছেন আঞ্চলিক দলগুলি শক্তিশালী হোক। সেই ভাবনা থেকেই আগামী লোকসভায় কেন্দ্রে ফেডেরাল ফ্রন্টের ভাবনা সামনে এনেছেন। তবে কেন্দ্র বারবার নিজেদের ক্ষমতা প্রয়োগ করে বিরোধীদের হীনবল করার চেষ্টা করছেন বলে এদিন ফের অভিযোগ করেছেন মমতা।
মমতা বলেছেন, কর্ণাটকে বিধায়ক কেনাবেচার সুযোগ করে দিয়েছেন রাজ্যপাল। এই ট্র্যাডিশন চলতে থাকলে আগামিদিনে গণতন্ত্রের পক্ষে তা চরম বিপদ ডেকে আনবে। তাই এর বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছেন তৃণমূলনেত্রী। পাশাপাশি ফের একবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications