Mamata Banerjee-Doctors' Meet: কলেজে ৫ কমিটি দাবি চিকিৎসকদের, টাস্ক ফোর্স নিয়েও মমতা-চিকিৎসক বাগবিতণ্ডা
Mamata Banerjee-Doctors' Meet: নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সামনে নিজেদের ১০ দফা দাবি পেশ করেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। আরজি কর কাণ্ডে গঠিত টাস্ক ফোর্সে (Task Force) জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি রাখার দাবি তোলেন তাঁরা। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে মেডিক্যাল কলেজগুলিতে একটি মনিটরিং কমিটিও চান জুনিয়র ডাক্তাররা।
টাস্ক ফোর্স সংক্রান্ত দাবি শোনার পর মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) জানান, প্রত্যেক মেডিক্যাল কলেজে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ইতিমধ্যেই রাজ্য টাস্ক ফোর্স তৈরি করেছে। যদিও জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়, টাস্ক ফোর্স কী কাজ করছে সেই তথ্য তাঁদের কাছে নেই।

টাস্ক ফোর্সে সব মেডিক্যাল কলেজের (Medical Colleges) প্রতিনিধিকে রাখার দাবি জানান চিকিৎসক দেবাশিস হালদার। পাল্টা মুখ্যসচিব (Chief Secretary) জানান, টাস্ক ফোর্সে ৯ জন সদস্য থাকবে। জুনিয়র চিকিৎসকদেরও রাখা হবে সেখানে।
প্রতিটি মেডিক্যাল কলেজে মোট ৫টি কমিটি তৈরির দাবি তোলেন জুনিয়র চিকিৎসকরা। অ্যান্টি ব়্য়াগিং কমিটি, গ্রিভান্স সেল, টাস্ক ফোর্স, কলেজ লেভেল কমিটি, কলেজ মনিটরিং কমিটি গঠনের দাবি জানান জুনিয়র চিকিৎসকরা। পাল্টা মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, চিকিৎসকরা একটা কলেজে কটা কমিটি চান?
বৈঠকের শেষ লগ্নে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, কলেজ সংক্রান্ত যা কিছু অভিযোগ থাকবে তা টাস্ক ফোর্সকেই জানাতে হবে। জুনিয়র চিকিৎসকরা পাল্টা বলেন, কলেজে ব়্যাগিংয়ের অভিযোগ এলে তা কে খতিয়ে দেখবে? অ্যান্টি ব়্য়াগিং কমিটি নাকি টাস্ক ফোর্স? এরপর মুখ্যমন্ত্রী বলেন তাঁকে অন্য একটি পরিবারের সঙ্গে দেখা করতে যেতে হবে। ওঠার আগে ফের একবার আন্দোলন শেষ করার আবেদন করেন মমতা।
প্রসঙ্গত, সোমবার কথামতোই নবান্ন সভাঘরে হল বৈঠক। বিকেল পাঁচটায় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের নিয়ে শুরু হয় বৈঠক। সোমবার অনশন তুলে বৈঠকে যোগ দেওয়ার শর্ত চাপিয়েছিল রাজ্য। অনশন না তুলেই নবান্নে বৈঠকে যোগ দেন জুনিয়র চিকিৎসকরা।
নবান্নের তরফে জানানো হয়েছিল, চিকিৎসকদের সঙ্গে মমতার বৈঠকে ৪৫ মিনিটই ধার্য থাকবে। যদিও প্রায় ২ ঘণ্টা ধরে চলে বৈঠক। জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবিদাওয়া নিয়ে ১৭ জন প্রতিনিধি বৈঠকে যোগ দেন।
শনিবার ধর্মতলার অনশন মঞ্চে যান মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে অনশনকারী জুনিয়র চিকিৎসকদের ফোনের মাধ্যমে কথা বলান মুখ্যসচিব। নবান্ন সভাঘরে বৈঠকে যোগ দিতে প্রস্তুত বলে সেদিনই জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।












Click it and Unblock the Notifications