ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে ইতিহাস পুরুলিয়ার অনুপর্ণার, অভিনন্দন জানালেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রী
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক বিভাগে পুরস্কার জেতার জন্য চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রায়কে অভিনন্দন জানিয়েছেন। পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা 'সংস অফ ফরগটেন ট্রিজ’ (Songs of Forgotten Trees) সিনেমার জন্য ভেনিস চলচ্চিত্র উৎসবের ওরিজন্তি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। এটি এই বিভাগে কোনও ভারতীয়র পাওয়া প্রথম পুরস্কার।
রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবন থেকে দেওয়া এক বিবৃতিতে অনুপর্ণাকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, “মিসেস রায়ের জন্মস্থান পুরুলিয়া এবং পশ্চিমবঙ্গের জন্য তিনি গৌরব নিয়ে এসেছেন। এই তরুণ প্রতিভা আগামী বছরগুলিতে চলচ্চিত্র নির্মাণে আরও উজ্জ্বল উচ্চতায় পৌঁছবেন, এই কামনা করি।”

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপর্ণার সাফল্যে গর্ব ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়ের একটি অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির খবরে আমি আনন্দিত।” মুখ্যমন্ত্রী তাঁকে পশ্চিমবঙ্গের তরুণীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে আখ্যা দিয়েছেন এবং বলেছেন, “তাঁর এই মুকুট অর্জন আমাদের রাজ্যের মেয়েদের জন্য এক বিজয়।”
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, এমন মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে অনুপর্ণার জয় তাঁর প্রতিভা, সৃজনশীলতা এবং সহনশীলতার প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “চলচ্চিত্র জগতে একে বিশ্বজয় বলা যেতে পারে।” তিনি অনুপর্ণার জঙ্গলমহলের যোগসূত্রকেও স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেন, অনুপর্ণারা রাঙামাটি গ্রামের বাসিন্দা।












Click it and Unblock the Notifications