Mamata Banerjee: 'পিওকে দখল করা যেত, সেনার বীরত্বকে কুর্নিশ', নতুন মন্তব্যে কি বিতর্ক উসকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা?
'কেন পহেলগাঁও হামলায় অভিযুক্ত একজন জঙ্গিকেও ধরা গেল না? পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যে সংঘর্ষ হল সেই পরিস্থিতিকে সামনে রেখে এমনকী অধিকৃত কাশ্মীর দখলেরও সুযোগ ছিল। সেটাও বাস্তবায়িত করা গেল না।' এই দুই প্রশ্ন ও ব্ক্তব্য রেখে ফের কি বিতর্ক উসকে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? এদিন রাজ্য বিধানসভায় অপারেশন সিঁদুর-এর সময় ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও শৌর্যকে কুর্নিশ জানিয়ে বিশেষ সভা বসে। যদিও সেখানে সেনাবাহিনীর রাখা নাম অপারেশন সিঁদুর উল্লেখিত ছিল না, হয়ওনি। যা নিয়ে বিজেপি তীব্র প্রতিবাদও জানিয়েছে।
মমতা এদিন বলেন, 'শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। সেনার বীরত্বকে আমরা স্যালুট জানাই।' ভারতীয় সেনা পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে নির্দিষ্ট হামলা চালিয়ে পহেলগাঁও হামলার বদলা নেয়। সারা দেশজুড়ে উৎসব পালিত হলেও বিরোধী দলগুলি কেন্দ্রের সরকারের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ে। এদিন রাজ্য বিধানসভাতেও সেনার সাফল্য উদযাপন করা হলেও পাকিস্তানকে শিক্ষা দেওয়া অপারেশনের যে নাম দেওয়া হয়েছিল তাকে একপ্রকার উপেক্ষা করা হল বলে বিজেপির অভিযোগ।

রাজ্য বিজেপি প্রশ্ন করেছে কেন সিঁদুর নামটি বিধানসভায় রেজোলিউশন থেকে বাদ দেওয়া হল? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, পহেলগাঁও হামলায় বেছে বেছে একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে টার্গেট করা হয়েছে। অথচ বিধানসভার রেজোলিউশনে তার উল্লেখ নেই।
এর জবাবে মমতা বলেন, সন্ত্রাসের কোনও বর্ণ, জাত, ধর্ম হয় না। আমরা তা সমর্থন করি না। বিজেপিকে পাল্টা আক্রমণ করে মমতা বলেন, কেন্দ্র ভারতের জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ, ওরা বিদায় নিক। কেন্দ্রের উদাসীন মনোভাবের কারণেই পহেলগাঁওয়ে হামলা হয়েছে। কেন সেখানে নিরাপত্তারক্ষীরা ছিলেন না? ঘুরিয়ে প্রশ্ন করেছেন মমতা।
ঘটনা হল, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারত নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। এই পরিস্থিতিতে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এমন স্পর্শকাতর মন্তব্য স্বাভাবিকভাবেই সকলকে চমকে দিয়েছে। এখন দেখার এই নিয়ে কেন্দ্র বা কেন্দ্রের শাসক দল আলাদা করে প্রতিক্রিয়া দেয় কিনা। অথবা মমতার মতো পোড় খাওয়া রাজনীতিবিদ কেন আচমকা অধিকৃত কাশ্মীর দখল করা যেত বলে মন্তব্য করলেন, সেটা সময়ই বলবে।












Click it and Unblock the Notifications