রেড রোডে ইদের নমাজের মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে নিশানা! মমতা বন্দ্যোপাধ্যায় টানলেন NRC প্রসঙ্গ
রেড রোডে ইজের নমাজের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে তিনি রাজনৈতিক বার্তাও দেন। নাম না করে বিজেপিকে নিশানা করেন। বলেন ভয় পাবেন না, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। মুখ্যমন্ত্রী সবাইকে এদিন ইদ মোবারক জানান।
রেড রোডে ইদের নমাজের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এসেছে এনআরসির প্রসঙ্গ। তিনি বলেছেন, কোন রাজ্যে হবে তা তিনি জানেন না, তবে তা কোনওভাবেই পশ্চিমবঙ্গে এনআরসি মেনে নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন দেশের সংবিধান ও ইতিহাস বদলে দিতে চাইছে বিজেপি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি জীবন দিতে তৈরি কিন্তু দেশ ভাঙতে দেবেন না। তিনি বলেন, যদি ভরসা থাকে, তবে এলাহি ভরসা। তিনি বলেন, কারও কথা শুনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁকে টাকা এবং এজেন্সির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।
তিনি বলেছেন, গদ্দারদের সঙ্গে লড়াই করতে হচ্ছে। তবে তিনি সেখানে মাথা ঝোঁকাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এক বছর বাদে দেশের ক্ষমতায় কে আসবে সেই নির্বাচন হবে। সেই সময় ভেবে চিন্তে ভোট দেওয়ার আহ্বান করেছেন তিনি। যাঁরা রাজ্যের বাইরে থাকেন, সেই সময় সবাই যাতে ফিরে এসে ভোট দেন, সেই আহ্বানও জানান তিনি।
কেউ কেউ বিজেপির কাছ থেকে টাকা নিয়ে মুসলিমদের ভোট ভাঙতে চাইছে বলেও অভিযোগ করেন। তাঁর ওপরে ভরসা রাখার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় নয়, হিম্মতের সঙ্গে কাজ করতেও আহ্বান করেছেন তিনি। তাঁর বিভিন্ন আহ্বান তীব্র চিৎকার ও হাতে তালি পড়েছে এদিন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা উত্তর প্রদেশ কিংবা গুজরাত নয়। উত্তর প্রদেশে এনকাউন্টার এবং গুজরাতে বিলকিস বানোর মামলার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভাগাভাগি নয়, দেশের নেতা তিনিই হন যিনি সারা দেশের, সবার প্রতিনিধিত্ব করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে অনেক কাজ হয়েছে, অনেক কাজ বাকি রয়েছে। নাম না করে বিজেপির দাদাগিরি ও অত্যাচারের অভিযোগ করে তা বন্ধের জন্য আল্লার কাছে প্রার্থনা করেন তিনি। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবাই একসঙ্গে হলে, চেয়ারই হেলে যাবে।
রেড রোডে নমাজের মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা জাভেদ খান এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তাঁরাও মঞ্চ থেকে ইদের শুভেচ্ছা জানান।












Click it and Unblock the Notifications