বিজেপির বুদ্ধিনাশ হয়েছে বিনাশকালে, যোগী-রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী আটকে তোপ মমতার
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে আটকে দেওয়া হল যোগী-রাজ্যে। সেই ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে আটকে দেওয়া হল যোগী-রাজ্যে। সেই ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এ ঘটনা আসলে বিনাশকালে বুদ্ধিনাশ। বিজেপির যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই যাওয়ার সময় বুদ্ধিনাশ হয়েছে। মঙ্গলবার দিল্লি রওনা হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একহাত নিলেন মোদী সরকারকে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধী দল শাসিত রাজ্যে এসে গণতন্ত্রের কথা বলে যাচ্ছেন মোদী-অমিত শাহরা। কিন্তু বিজেপিশাসিত রাজ্যগুলিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। এ তো দ্বিচারিতা। দিনের পর দিন এই ঘটনা ঘটিয়ে চলেছে বিজেপি। তিনি বলেন, আগে মোদী রাজ্যে ঢুকতে দেওয়া হয়নি জিগনেশ মেওয়ানিকে। আর আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই তাঁর রাজ্যে আটকে দেওয়া হল।
মমতা বলেন, তদন্তকারীরা খুন হয়ে যাচ্ছেন, গোরক্ষার নামে খুন করা হচ্ছে, গোটা দেশের ঘৃণার রাজনীতি চলছে, গণতন্ত্রে এমন স্বৈরাচার আগে দেখিনি, যেটা করে চলেছে মোদী সরকার। এই সরকার আবার এজেন্সিকেও অপব্যবহার করে চলেছে। এর জবাব তো দিতেই হবে। আর জবাব দিতে হবে মানুষের কাছে।
এদিন বিজেপিকে একহাত নিয়ে মমতা বলেন, যেভাবে খুনের রাজনীতি শুরু করেছে বিজেপি, প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে, গণতন্ত্র হরণ করছে, তাতে এই ঘটনা বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে বিজেপির। এক্সপায়েরি ডেট হয়ে গিয়েছে মোদী সরকারের, এবার পতনের অপেক্ষা।












Click it and Unblock the Notifications