Mamata on SSC Verdict: "শিক্ষকরা ডিপ্রেসড, ঘটনা ঘটলে দায় বিজেপি-সিপিএমের," জানালেন মমতা
Mamata on SSC Verdict: সুপ্রিম কোর্টের এক নির্দেশে এসএসসি মামলায় চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের। আর এনিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে বাম বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দল মিলে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ধসিয়ে দিতে চাইছে বলে দাবি মমতার। ২৬ হাজার চাকরিপ্রার্থীর পরিবার অচল হয়ে গেলে বিজেপি-সিপিএমও সচল থাকবে না, তোপ মুখ্যমন্ত্রীর।
এদিন মমতা বলেন, "আমাদের কাছে কোনও ডকুমেন্ট নেই। তাহলে কাদের কালিমালিপ্ত করা হচ্ছে? বাংলার শিক্ষাব্যবস্থায় বিপর্যয় আনা টার্গেট বিজেপির। মানবিকভাবে এই কেস গুলো দেখতে হবে। সবসময় বাংলা কেন টার্গেট?" এরপরই মমতার সরাসরি আক্রমণ, "বিচারব্যবস্থাকে সম্মান করি, বিকাশবাবু পৃথিবীর সর্বোত্তম আইনজীবী। সুকান্তবাবু বলেছেন আমি নাকি দায়ী, আপনারা নিজে যোগ্য তো?"

সরকারকে যোগ্য অযোগ্য তো বাছতেই দেওয়া হয়নি বলে দাবি মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আক্রমণ করে মমতা বলেন, "এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন। আমি ফেসবুকে তাঁর উক্তি দেখেছি। অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গিয়েছে, এর জন্য নাকি আমরা দায়ী। আপনারা যখন প্রথমে কেস করলেন, একবারও ভাবলেন না কারা যোগ্য, কারা অযোগ্য? সরকারকেও ভাবতে দিলেন না।"
বামেদেরও তীব্র আক্রমণ মমতার। মুখ্যমন্ত্রী বলেন, "সিপিএম আমলে চিরকুটে চাকরি দেওয়া হয়েছে। গণশক্তিতে যারা কাজ করেন, তাদের স্ত্রীদের চিরকূটে চাকরি দেওয়া হয়েছে। সেগুলোর তদন্ত হয় না। বিজেপি রাজ্যে তদন্ত হয় না। বাংলাকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে। বাংলাকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা নয় তো? বাংলায় জন্মানো কি অপরাধ?"
মমতা বলেন, "একজন বিচারকের বাড়ি থেকে যদি যদি কোটি টাকা পাওয়া যায়, তাঁর শাস্তি যদি শুধু ট্রান্সফার হয়, তাহলে আমার এই ২৫ হাজার ভাইবোনকে ট্রান্সফার করে দিতে পারত।" প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকেও নিশানা মমতার। মুখ্যমন্ত্রী বলেন, "হাইকোর্টে যিনি এই রায়টা দিয়েছিলেন, তিনি এখন বিজেপির সাংসদ। বিচারপতি সব ছেড়ে বিজেপির সাংসদ হয়েছেন। নামটা ঠিক জানি না। গাঙ্গুলি না ডাঙ্গুলি।"
মমতা আরও বলেন, "সিপিএম বিজেপির চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নিচ্ছেন। চাকরিহারাদের পাশে দাঁড়ালে যদি বিজেপি গ্রেফতার করতে আসে, তাহলে মোস্ট ওয়েলকাম। ক্যাচ মি ইফ ইউ ক্যান।"












Click it and Unblock the Notifications