Mamata on Maha Kumbh: "মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ!" যোগীর সরকারের সমালোচনা, মমতা-মন্তব্যে মাথাচাড়া বিতর্কের
Mamata Banerjee: বিধানসভায় জবাবি ভাষণে মহাকুম্ভ মেলার প্রসঙ্গও টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভে প্রশাসনের চরম ব্যর্থতার অভিযোগ ফুটে ওঠে মমতার বক্তব্যে। মহাকুম্ভে সরকারের সুপরিকল্পনার অভাবেই অনেক মৃত্যু ঘটেছে বলে দাবি মমতার। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, "মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে।" পাল্টা মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
এদিন বিধানসভায় দাঁড়িয়ে একের পর এক ইস্যুতে বিজেপিকে চাঁচাছোলা আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। কুম্ভকে সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ। বড়লোকেদের জন্য লক্ষ লক্ষ টাকার ক্যাম্প করা হয়েছে। আর গরিবদের জন্য শুধুই টাকার খেলা। ভিভিআইপিদের স্নানের জায়গা আলাদা। আর গরিবদের জন্য আলাদা জায়গা।"

মহাকুম্ভের সঠিক পরিকল্পনা না করেই যোগীর সরকার কুম্ভস্থলকে কলুষিত করেছে বলে তোপ দাগেন মমতা। তিনি বলেন, "গরিবরা এক কাপ লাল চা খেলেও ৫০০ টাকা। মাদুর পেতে বসলেও টাকা নেওয়া হচ্ছে। বললেন ৩০ জন মারা গিয়েছে। কত দেহ জলে ভাসিয়ে দিয়েছেন। হাজার হাজার দেহ নদীর জলে ভাসিয়ে দিয়েছেন। সব জায়গায় হাইপ তুলে দিয়েছে। এত হাইপ তুলতে নেই এই সব বড় প্রোগ্রামে।"
পদপিষ্টের ঘটনা প্রসঙ্গে মমতা বলেন, "একটা বড় জায়গায় পদপিষ্ট হতে পারে। কিন্তু মহাকুম্ভ শুরুর দিন পর্যন্ত কোনও প্ল্যানিং হয়নি। ট্রেনে কত ক্যাপাসিটি আছে না দেখেই বুকিং করা হচ্ছে। রেলের পদপিষ্টের ঘটনায় অনেকে মারা গিয়েছে। ঘটনা ঘটতেই পারে, কিন্তু আমরা নোংরা রাজনীতি করি না। কিন্তু মহাকুম্ভে এতজন মারা গেল, কটা কমিটি গড়েছেন, কটা রিপোর্ট চেয়েছেন, কটা কমিশন গড়েছেন?"
পদপিষ্টে মৃতদের দেহের ময়নাতদন্ত না করেই যোগীর সরকার পাঠিয়েছে বলে দাবি মমতার। তিনি বলেন, "আমাদের রাজ্যেও মৃতদেহ এসেছে। ডেথ সার্টিফিকেটও দেয়নি। আমরা রাজ্যে এনে ডেথ সার্টিফিকেট করেছি। পোস্টমর্টেম করেনি। ক্ষতিপূরণ পাবে কী করে? কাজ জানতে হয়, কাজ শিখতে হয়। কেন মহাকুম্ভের এতবার আগুন লাগল?" প্রশ্ন মমতার।
কুম্ভের সমালোচনা করে গঙ্গাসাগরের মেলার ভূয়সী প্রশংসা মমতার। তিনি বলেন, "গঙ্গাসাগারের মেলা চলাকালীন কোনও ভিভিআইপিকে অ্যালাও করা হয় না। ৪-৫ মাস আগে থেকে মিটিং হয়। মন্ত্রী, বিধায়করা আগে থেকে সেখানে চলে যায়। পুরো মেলা শেষ হয়ে যাওয়ার পর সেখান থেকে ফিরে আসেন। হাইপ তুলে দিয়ে টাকা আদায় করেছে। ধর্ম বিক্রি করে খাওয়ার জায়গা নয়, ধর্ম যার যার হৃদয়ের ব্যাপার। ধর্ম বিক্রি করে দেশ টুকরো করেন, আমরা করিনা।"
এদিকে বিধানসভার ভেতরে মমতা যখন এই কথা বলছেন, তখন বিধানসভার বাইরে ধরনাস্থলে তীব্র বিরোধিতা শুভেন্দুর। বিরোধী দলনেতা বলেন, "বিধানসভায় মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। প্রত্যাহার করুন, ক্ষমা চান। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলতে পারেন না। ৪০ কোটি হিন্দু পুণ্যার্থী স্নান করেছেন। হিন্দু সমাজকে বলছি, এটার প্রতিবাদ করুন। এটা হিন্দুদের উপর আঘাত, মহাকুম্ভের উপর আঘাত।"












Click it and Unblock the Notifications