Mamata Banerjee: '"প্ল্যান করে দাঙ্গা!" "কংগ্রেস জিতেছে, ওদের উচিত ছিল শান্ত করা," মুর্শিদাবাদ নিয়ে বললেন মমতা
Mamata Banerjee: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি তথা ইমাম মোয়াজ্জেমদের নিয়ে সম্মেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কংগ্রেসকে দায়ী করলেন মমতা। বললেন, "যেখানে হামলা হয়েছে সেটা মালদা আসন। মুর্শিদাবাদ নয়। যেখানে গন্ডগোল হয়েছে, কংগ্রেস জিতেছে। ওদের উচিত ছিল পরিস্থিতি শান্ত করা।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, হামলার পেছনে তৃণমূল কংগ্রেস থাকলে তৃণমূলের পার্টি অফিস হামলা হত না। তৃণমূল বিধায়কদের বাড়িতে হামলা হয়েছে বলে দাবি মমতার। তিনি বলেন, "ওয়াকফ নিয়ে প্ররোচনামূলক কথা হয়েছে। উস্কানিমূলক কথা বলতে আসিনি। ইমামদের শ্রদ্ধা করি। পুরোহিতদের শ্রদ্ধা করি। সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। হাতজোড় করে বলছি, অশান্তি কেউ করতে চাইলে তাকে নিয়ন্ত্রণ করুন।"

সংবিধানে বদলের অভিযোগে বিজেপিকে আক্রমণ মমতার। মুখ্যমন্ত্রী বলেন, "বাবা আম্বেদকর যে সংবিধান তৈরি করেছিলেন, তা ভারতের সংবিধান। বিজেপির সংবিধান বলা যায় না। তবু সংবিধান নিয়ে কাটাছেঁড়া চলছে। ১০ বছরে কী করেছেন? ওষুধের দাম থেকে গ্যাসের দাম, জ্বালানির দাম বাড়িয়েছেন। কটা চাকরি দিয়েছেন? বাংলার সংবাদমাধ্যম নয়। বাইরের কিছু মিডিয়াকে বিজেপি নিয়ন্ত্রণ করে। তারা ভুয়ো ভিডিও দেখায়। কর্ণাটক, উত্তরপ্রদেশের ভিডিও বাংলার নাম করে চালাচ্ছে।"
অশান্তি করতে বিজেপি প্ররোচনা দিচ্ছে বলে অভিযোগ মমতার। বলেন, "বিজেপি বলে আমি নাকি দুর্গাপুজো করতে দিই না। ঘরে ঘরে সরস্বতী পুজো হয়। ওরা বলে আমি নাকি করতেই দিই না।" ওয়াকফ নিয়ে কেন্দ্র তাড়াহুড়ো করে বিল পাস করিয়েছে বলে দাবি মমতার। তৃণমূল সুপ্রিমেো বলেন, "ভারত সরকারকে চ্যালেঞ্জ করছি, এত তাড়াহুড়ো করার কী ছিল? বাংলাদেশের পরিস্থিতি জানেন না? ইউনূসের সঙ্গে গোপন বৈঠক করুন। দেশের ভালো হলে খুশি হব।"
মুর্শিদাবাদের অশান্তি নিয়েও কেন্দ্রকেই দুষলেন বাংলার মুখ্যমন্ত্রী। গোটাটাই বিজেপির ষড়যন্ত্র বলে দাবি মমতার। মুখ্যমন্ত্রী বলেন, "আপনাদের প্ল্যানিং কী? বাংলাদেশ থেকে লোক এনে দাঙ্গা করা? মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রক বাংলাদেশি যোগের ইঙ্গিত দিয়েছে। কেন আপনাদের লোক এসে দাঙ্গা করে পালিয়ে গেল? ভারতকে ভাগ করো না, হিন্দুস্তানকে জুড়ুন। বিভাজনের বদলে ঐক্য তৈরি করুন। বিভাজনের রাজনীতি দেশকে টুকরো করে দেবে।"
বিএসএফকেও নিশানা মমতার। স্বরাষ্ট্রমন্ত্রককেও আক্রমণ তৃণমূল নেত্রীর। বাংলাদেশি যোগ নিয়ে মমতা বলেন, "যদি বাংলাদেশি যোগই থাকবে, তাহলে সীমানায় ঢুকতে দিলেন কেন? বর্ডার তো আমাদের হাতে নেই। গোটাটাই প্ল্যান করে দাঙ্গা হয়েছে।"












Click it and Unblock the Notifications