প্রবল দুর্যোগে পড়ুয়াদের স্বস্তি দিতে উদ্যোগী মুখ্যমন্ত্রী, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পুজোর ছুটি পড়ল আগেই
মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। তারই মধ্যে রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। এই আবহে কাল থেকেই সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে পুজোর ছুটি পড়ে যাচ্ছে।
আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়েই পুজোর ছুটির ঘোষণা করে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনিতে শুক্রবার ২৬ সেপ্টেম্বর থেকে সরকারি, সরকার-পোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছুটি পড়ার কথা ছিল।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ এক্স হ্যান্ডলে জানান, এক অভূতপূর্ব দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে। মাননীয়া মুখ্যমন্ত্রীর উপদেশে এই দুর্যোগে ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে আগামীকাল এবং পরশু, অর্থাৎ ২৪ এবং ২৫ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত বিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
ব্রাত্য আরও জানান, এই দুর্যোগের সময় সমস্ত শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের অনুরোধ রইল তাঁরা বাড়ি থেকেই যেন নিত্যপ্রয়োজনীয় কাজকর্মগুলি করেন। ২৬ সেপ্টেম্বর থেকে যেহেতু সরকারিভাবে পুজোর ছুটি পড়ছে, তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। সকলকে আসন্ন শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার গভীর এবং আন্তরিক সমবেদনা রইলো এই দুর্যোগে নিহত সহনাগরিকদের পরিবারগুলির প্রতি।
আজ সকালে একটি বেসরকারি সংবাদমাধ্যমে ফোনো দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারকে এখনই বিজ্ঞপ্তি দিতে বলছি। স্কুল-কলেজের ছুটি আজ থেকে পড়বে। স্কুলে বাচ্চাদের আসতে হবে না। আশা করি শিক্ষামন্ত্রী আমার কথা শুনতে পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলিকে অনলাইন ক্লাস করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আইসিএসই ও সিবিএসই বোর্ডের স্কুলগুলিকেও আগামী দুই দিন ছুটি দেওয়ার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। পরে শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে। জানা যাচ্ছে, পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এর আওতার বাইরে রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications