মাধ্যমিকের অ্যাডমিট মামলা: কড়া পদক্ষেপ হাইকোর্টের, স্বস্তিতে পড়ুয়ারা, জরিমানা একাধিক স্কুলের
মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর বাকি কয়েকটা দিন। এখনও রাজ্যের বহু স্কুলে ছাত্র-ছাত্রীরা হাতে অ্যাডমিট কার্ড পায়নি। আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলা মাধ্যমিকের আগে এই অ্যাডমিট কার্ড মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ বৃহস্পতিবার সন্ধ্যে ছটার মধ্যে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এমন নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
সেই মর্মে আজ সন্ধ্যে ছটার মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ পোর্টাল খুলে দেবে। সেখানে যে স্কুলে সমস্যা রয়েছে তারা আবেদন জানাতে পারবে। আবেদন জানানোর পরে এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হলে রবিবার হলেও তাদের মধ্যশিক্ষা পর্ষদের অফিসে যেতে হবে। সেখান থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে।

আদালত এদিন অত্যন্ত কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন স্কুলগুলিকে। পর্ষদের ভুলে নয়, স্কুলগুলির নিজেদের ভুলে তারা এখনও পর্যন্ত বহু ছাত্র-ছাত্রীর হাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুলে দিতে পারেনি। আর সেজন্য দোষী স্কুলগুলিকে দশ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
অ্যাডমিট কার্ড না পেয়ে কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে মামলা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে একাধিক ঘটনা ঘটায় তা হাইকোর্টের নজরে আসে। এবং তা আদালত শুনতে বসে। তারপর এদিন আদালত এই রায় ঘোষণা করেছে।












Click it and Unblock the Notifications