পিঠের ব্যাথায় কাবু মদন মিত্র ভর্তি হাসপাতালে
পিঠের ব্যথায় কাবু মদন মিত্রকে রবিবার রাতে ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কলকাতা, ৫ ডিসেম্বর : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সারদাকাণ্ডে জামিনে মুক্ত তৃণমূল নেতা মদন মিত্র। পিঠে ব্যথা অনুভব করছেন তিনি। সেই কারণেই রবিবার রাতে ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সারদা মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে ২০১৪ সালের ১২ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ ২২ মাস জেলবন্দি থাকার পর তিনি জামিন পান গত ৯ সেপ্টেম্বর। যদিও মাঝে ২০১৫ সালের অক্টোবরে তিনি একবার জামিন পেয়েছিলেন। সেবার খুব বেশি দিন জেলের বাইরে থাকতে পারেননি তিনি। প্রভাবশালী তকমায় তাঁকে ফের জেলে যেতে হয়েছিল। এবার জামিন পেলেও এখনও বাড়ি ফিরতে পারেননি তিনি। তাঁর ঠিকানা সংক্রান্ত আইনি জটিলতায় তাঁকে ভবানীপুরের একটি হোটেলেই কাটাতে হচ্ছে বিগত তিনমাস।

বিগত দিনে জেলে থাকাকালীনও তাঁকে অধিকাংশ দিন হাসপাতালে কাটাতে হয়েছে। জেলবন্দি থাকার সময় এই পিঠের ব্যথায় তিনি একাধিকবার কাবু হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। আবার শীতের মরশুম আসতেই তিনি পিঠের ব্যথায় একেবারে কাবু। তাই রবিবার রাতে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত কয়েকদিন পর্যবেক্ষণে থাকবেন তিনি।












Click it and Unblock the Notifications