জেলে বই পড়ে আর কীর্তন শুনে সময় কাটাচ্ছেন মদন
কলকাতা, ৩০ ডিসেম্বর: যখন বাইরে ছিলেন, ব্যস্ততার অন্ত ছিল না। এখন জেলের ভিতর অফুরন্ত সময়। তাই বই পড়ে আর কীর্তন শুনে দিন কাটাচ্ছেন সারদা-কাণ্ডে ধৃত পরিবহণ মন্ত্রী মদন মিত্র। তাতেও যখন বিরক্তি ধরে যাচ্ছে, তখন জেলের টিভিতে চোখ রাখছেন।
গত রবিবার এসএসকেএম হাসপাতাল থেকে আলিপুর জেল হাসপাতালে নিয়ে আসা হয় মদনবাবুকে। সেখান থেকে সোমবার জেলের সেলে। ছ'নম্বর ওয়ার্ডে তিনি যেখানে রয়েছেন, সেখানে ইতিমধ্যে দেওয়ালে রং করা হয়েছে। আনা হয়েছে নতুন বালিশ-বিছানা। ১১ জন কয়েদিকে পাঠানো হয়েছে তাঁর দেখভাল করতে।

গোটা দিনটা কীভাবে কাটাচ্ছেন মদনবাবু? কারা দফতর সূত্রে খবর, সকালে ঘুম থেকে ওঠার পর তাঁকে চা দেওয়া হচ্ছে। একটু বেলার দিকে স্যাঁকা পাউরুটি, কলা ও ডিম সেদ্ধ। মদন মিত্র রোজ দু'টি করে খবরের কাগজ পাচ্ছেন। ব্রেকফাস্টের পর সেই দু'টি বগলদাবা করে জেলের বারান্দায় বসছেন শীতকালের মিঠে রোদে। দুপুর একটা নাগাদ গরম জলে স্নান করে খাওয়া-দাওয়া। ভাত, ডাল, সবজির সঙ্গে কখনও মাছ, কখনও ডিম। বাকি দুপুরটা গল্পের বই পড়ে কাটাচ্ছেন তিনি। সন্ধেবেলা জেলের অন্যান্য কয়েদিদের থেকে শুনছেন কীর্তন। কখনও নিজেও গেয়ে উঠছেন দু'কলি। তার পর রাতে রুটি-সবজি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়া।
জেলের বাইরে যেমন তাঁর অসংখ্য অনুগামী, তেমনই ভিতরেও কারারক্ষীদের একটা অংশ 'দাদা' বলতে অজ্ঞান। তাঁরা সর্বক্ষণ এসে খোঁজখবর নিচ্ছেন। মদনবাবু আছেন তাই বহাল তবিয়তে।












Click it and Unblock the Notifications