মা লক্ষ্মী চাকরি প্রার্থীদের মঞ্চে, চুরি হওয়া চাকরি ফেরতের দাবি
চুরি হওয়া, বিক্রি হয়ে যাওয়া চাকরি ফেরতের দাবি লক্ষ্মীর। বঞ্চিত, চাকরি না পাওয়াদের মধ্যে উপস্থিত দেবী। হাতে ধানের ছড়া নিয়ে চেয়ারে বসে আছেন। আশা করছেন এবার তাদের সময়ের চাকা ঘুরবে। চাকরির দাবিতে আন্দোলন মঞ্চ কোজাগরী লক্ষ্মীপুজোর দিনেও সচল।
বছর পেরিয়েছিল অনেক আগেই৷ এবারের দুর্গাপুজোও সেই তিমিরে কাটিয়েই তারা পার করলেন। আজ শনিবার লক্ষ্মীপুজো৷ বাঙালির কাছে এ এক আরাধনার দিন৷ মা লক্ষ্মী যাতে ঘরে অধিষ্ঠান করেন, সেজন্য কামনা করা হয়। আর্থিক অনটন যাতে না আসে, সেই প্রার্থণা চলে।

কিন্তু চাকরি প্রার্থীদের জীবন সম্পূর্ণই আঁধারে। কোনওভাবেই তারা ন্যায্য চাকরি পাচ্ছেন না। আজ শনিবার লক্ষ্মীপুজোর দিন ডব্লুবিসিএসএসসি গ্রুপ সি এবং ডি ঐক্যমঞ্চ আন্দোলনে অভিনবত্ব আনে। আজ অবস্থান বিক্ষোভের ৪৩১ তম দিন। আজ লক্ষ্মীপুজোর দিনে তারা মা লক্ষ্মীকেই হাজির করেছেন তাদের মঞ্চে।
মা লক্ষ্মীর পুজোকে কেন্দ্র করে এক নতুন ধরনের কর্মসূচি নিয়েছেন। মা লক্ষ্মী মর্তলোকে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি মঞ্চে এসেছেন। তাঁকে চেয়ারে বসানো হয়। তাঁকে ঘিরে চাকরিপ্রার্থীরা দুর্দশার কথা শোনান। শুধু তাই নয়, পাঁচালিও পড়া হয়। এই পাঁচালিও যে সে নয়। তার লাইনে লাইনে দুর্নীতি।
অর্থাৎ, তাদের চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে৷ শাসক দলের লোকজন টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে দিয়েছেন। যোগ্য চাকরিপ্রার্থীরা বঞ্চিত হয়ে রয়েছেন। লক্ষ লক্ষ টাকায় তাদের চাকরি বিক্রি হয়ে গিয়েছে। এইসব বক্তব্যকে সামনে রেখে লক্ষ্মীর পাঁচালি লেখা হয়েছে।
দুর্নীতির বর্ণনায় লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয়। স্বয়ং লক্ষ্মীমাতার ভূমিকায় ছিলেন একজন মহিলা চাকরিপ্রার্থী। এছাড়াও বিশেষ কবিগান অংশ হিসেবে থাকে। যেখানে দুর্নীতি ন্যায় অন্যায় চোর সাধু নিয়ে বাগযুদ্ধ চলে। উন্নতভাবে অবস্থান বিক্ষোভকে তুলে ধরা হয়। ডব্লুবিসিএসএসসি গ্রুপ সি এবং ডি ঐক্য মঞ্চের পক্ষ থেকে।
এত কিছুর পরেও তাদের প্রশ্ন, দিন কি বদল হবে? ঘুরবে কি সময়ের চাকা? নিজেদের ন্যায্য চাকরি কি তারা পাবে?












Click it and Unblock the Notifications