প্রতারণা চক্র ফাঁস, লন্ডন পুলিশ অভিনন্দন জানালো কলকাতা পুলিশ কমিশনারকে
ব্রিটেনের ২৩ হাজার নাগরিককে প্রতারণা করার অভিযোগে দুই পাণ্ডাকে গ্রেফতার করায় কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মাকে অভিনন্দন জানালেন ব্রিটেনের ন্যাশনাল ফ্রড অ্যান্ড সাইবার ক্রাইমের ডিরেক্টর জোনাথন ফ্রস্ট
ব্রিটেনের ২৩ হাজার নাগরিককে প্রতারণা করার অভিযোগে দুই পাণ্ডাকে গ্রেফতার করায় কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মাকে অভিনন্দন জানালেন ব্রিটেনের ন্যাশনাল ফ্রড অ্যান্ড সাইবার ক্রাইমের ডিরেক্টর জোনাথন ফ্রস্ট। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে ন’টা ও ভারতীয় সময় দুপুর ২টোয় লন্ডনের কমিশনার অফ পুলিশ অফ দ্য মেট্রোপলিস ক্রেসিন্ডা ডিক নিজে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর আগামীদিনেও তাদের এভাবেই সাহায্যের আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ।

এ মাসের গোড়ার দিকে শহরের দু’জায়গায় তপসিয়া রোড ও রফি আহমেদ কিদোয়াই রোডের দু’টি ভুয়ো কলসেন্টারে হানা দিয়ে মোট সাতজনকে পুলিশ গ্রেফতার করে। এই দু’টি সংস্থাই নিজেদেরকে মাইক্রোসফট অধীনস্থ সংস্থা বলে পরিচয় দিয়ে লন্ডন ও আমেরিকার গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে লক্ষাধিক টাকা নিয়েছে। অনেক মামলায় দেখা গিয়েছে, এই প্রতারণা চক্র গ্রাহকদের কাছ থেকে ব্যাঙ্কের তথ্য নিয়ে বহু টাকা আত্মসাৎ করে নিয়েছে। পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, 'বিশেষ কোনও তথ্য পেলে আমরা সাহায্য করার আশ্বাস দিয়েছি তাদের।’
এই দুই কলসেন্টার লন্ডন ও আমেরিকার নাগরিকদের নিশানা করত। তাঁদের ফোন করে কম্পিউটারে ভাইরাস দূর করার নাম করে ভুয়ো অ্যান্টি–ভাইরাস প্রোগ্রাম লাগানোর জন্য বলা হত। এভাবেই গ্রাহকদের কাছ থেকে লক্ষাধিক টাকা লুঠ করত প্রতারকরা। লন্ডন পুলিশ কলকাতা পুলিশকে জানায় যে ২৩ হাজার লন্ডনবাসী এই প্রতারণা চক্রের খপ্পরে পড়েছেন। মাইক্রোসফটের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নামে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, লন্ডন পুলিশ তাদের জানিয়েছে যে এই কলসেন্টার বেশ কিছু মাস ধরে চলছে। লন্ডন পুলিশ এবং মাইক্রোসফট দু’জনেই এ বিষয়ে জানতে পারে যে লন্ডনবাসীর কাছে ভুয়ো ফোন আসছে এবং তাঁরা মাইক্রোসফটের নামে প্রতারিত হচ্ছে। লালবাজারের এক শীর্ষ আধিকারিক জানান যে তারা লন্ডন পুলিশের কাছে কৃতজ্ঞ যে এরকম একটি ঘটনা সমাধান করার সুযোগ কলকাতা পুলিশকে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications