Lok Sabha Election 2024: বাগবাজার মা'য়ের বাড়ি প্রণাম জানিয়ে শ্যামবাজারে রোড শো মোদীর, ময়দানে মমতাও
Lok Sabha Election 2024: শনিবার শেষ এবং সপ্তম দফার নির্বাচন। কলকাতা উত্তর-দক্ষিণ সহ রাজ্যের একাধিক হেভিওয়েট আসনে ভোট হবে। আর শেষ দফা নির্বাচনের আগে আজ মঙ্গলবার ফের বাংলায় নরেন্দ্র মোদী (Narendra Modi)। সভার পাশাপাশি রোড শো করার কথা আছে তাঁর।
আর তা সফল করতে কোথাও খামতি রাখতে চাইছেন না বঙ্গ বিজেপি নেতারা (Bengal BJP)। প্রধানমন্ত্রীর রোড শো'কে একেবারে রঙিন চেহারা দিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

মূলত উত্তর কলকাতা প্রচারে এই রোড শো করবেন। আর তার আগে সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন বঙ্গ বিজেপি নেতারা। সল্টলেকে সেই বৈঠক হয়। জেখানে বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ বিজেপি নেতা উপস্থিত ছিলেন। মূলত প্রস্তুতি কেমন হয়েছে, কোথায় ঘাটতি রয়ে গিয়েছে কিনা তা বিস্তারিত আলোচনা হয়। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর রোড শো'য়ে কিছুটা রদবদল হয়েছে একেবারে শেষ পর্যায়ে।
নিরাপত্তা সহ একাধিক বিষয়কে মাথায় রেখে প্রধানমন্ত্রীর রোড শো'য়ের যাত্রাপথ চুড়ান্ত করা হয়। জানা গিয়েছে, রোড-শো শুরু হবে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে। যা যাবে সিমলা স্ট্রিটের কাছে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত। সেখানে মাল্যদানের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে এই রোড শো শুরু হওয়ার আগে বাগবাজার মায়ের বাড়ি যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। দক্ষিণেশ্বর থেকে কলকাতায় এসে মা সারদা দেবী এই বাড়িতেই থাকতেন।
সবদিক থেকে এই বাড়ি স্মৃতি বিজড়িত। সেখানে দর্শন করেই প্রধানমন্ত্রী রোড শো শুরু করতে পারেন বলে খবর। মঠের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা সম্পর্ক রয়েছে। সন্নাসী বিতর্কের মধ্যে বেলূড় মঠের সঙ্গে তাঁর যোগের কথা প্রকাশ্য সভায় তুলে ধরেছেন।
তবে প্রধানমন্ত্রী পদে বসার পর কখনও বাগবাজারে মায়ের বাড়িতে আসেননি। মঙ্গলবারই প্রথমবার যাবেন বলেই খবর। ফলে মায়ের বাড়িকে সাজিয়ে তোলা হয়েছে। দফায় দফায় যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখছেন বঙ্গ বিজেপি নেতারা। অন্যদিকে শহরে মোদীর রোড শো ঘিরে একেবারে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে। একাধিক উচ্চ পদস্থ আধিকারিককে মাঠে নামানো হয়েছে। এমনকি শহরের বহু রাস্তা নিয়ন্ত্রন করা হবে বলেও কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে আজ মঙ্গলবার রোড শো আছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এন্টালি থেকে সেই রোড শো শুরু হবে। যা পার্ক সার্কাস সেভেন পয়েন্ট হয়ে কোয়েস্ট মল পর্যন্ত যাবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। বিকেল ৫টা নাগাদ এই রোড শো শুরু হতে পারে বলে খবর।












Click it and Unblock the Notifications