বিজেপিকে ঠেকাতে নয়া কৌশল, উত্তর কলকাতায় এমনই উদ্যোগ শাসকদলের
বিজেপিকে ঠেকাতে তৃণমূলের নয়া কৌশল। উত্তর কলকাতার ডালপট্টিতে লিট্টি-চোখা উৎসব। লক্ষ্য উত্তরপ্রদেশ, বিহারের ভোটার।
বিজেপিকে ঠেকাতে তৃণমূলের নয়া কৌশল। উত্তর কলকাতার ডালপট্টিতে লিট্টি-চোখা উৎসব। লক্ষ্য উত্তরপ্রদেশ, বিহারের ভোটার।

দুর্গাপুজো, ছটপুজো তো ছিলই। কলকাতার উৎসবের তালিকায় যুক্ত হয়েছে নতুন উৎসব। নাম লিট্টি-চোখা উৎসব। উদ্যোক্তা তৃণমূল কংগ্রেস। উৎসব স্থল উত্তর কলকাতার ১৩ নম্বর ওয়ার্ডের দাসপাড়ার ডালপট্টি। টার্গেটে ভোটার তালিকায় থাকা উত্তর প্রদেশ ও বিহারের বাসিন্দারা।
উৎসবের আয়োজক ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য রাউত জানিয়েছেন, তাঁর ওয়ার্ডে প্রচুর অবাঙালি রয়েছেন। সেখানে যেমন বাঙালিদের জন্য দুর্গাপুজো হয়, তেমনই অবাঙালিদের জন্য লিট্টি-চোখা উৎসব। এদিনের উৎসবে রাতে বসেছিল ভোজপুরি গানের আসরও। সেখানে তিন বছর ধরে এই উৎসব চলছে বলে জানিয়েছেন অনিন্দ্য রাউত। গত বছরের থেকে এবছরে ভীড় বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
উদ্যোক্তারা জানিয়েছেন, বাঙালি-অবাঙালি মিলিয়ে সেখানে প্রায় পাঁচ হাজার মানুষ পেট ভরে লিট্টি-চোখা খেয়েছেন। বিহার থেকে আসা ১৪ জন কারিগর শুক্রবার রাত থেকেই কাজ শুরু করেন। প্রায় ৩০ হাজার লিট্টির আয়োজন ছিল। রাখা হয়েছিল ৩ টি বুফে কাউন্টার।
উৎসবে এসেছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন। ছিলেন উত্তর কলকাতার তৃণমূল নেতৃত্বও।
লিট্টি-চোখা উৎসব সামনে এসেছিল গতবছর। ৮৬ নম্বর ওয়ার্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সৌরভ গতবছর হাজরা ল কলেজের পাশে লিট্টি-চোখা উৎসবের উদ্যোগ নিয়েছিলেন। বিষয়টিতে তিনি সফলও হয়েছিলেন বলে দাবি স্থানীয়দের। সৌরভের পরিচিতি, তিনি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র। গত পুর নির্বাচনে ৮৬ নম্বর ওয়ার্ড দখল করেছিল বিজেপি।
হিন্দিভাষী মানুষজনের একাংশ গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন। এইসব মানুষকে নিজেদের দিকে টানতেই এই উৎসবের আয়োজন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।












Click it and Unblock the Notifications