জন্ম-মৃত্যুর পারে বিন্দুতেই সৃষ্টির রহস্য, দুর্গাপুজোয় তাক লাগাবে নাকতলা উদয়ন
কলকাতার দুর্গাপুজোয় নাকতলা উদয়ন সংঘের নাম বেশ পরিচিত। প্রতিবছরই মণ্ডপ-সজ্জা এবং প্রতিমায় বিশাল চমক দিয়ে থাকে এই পুজো কমিটি।
জন্ম-মৃত্যুতে লুকিয়ে আছে কোন সত্য? আর এই সত্যের রূপটাই বা কেমন? এই প্রশ্নের এবার উত্তর মিলবে দক্ষিণ কলকাতার নাকতলা উদয়ন সংঘের পুজোতে। জন্ম-মৃত্যু নিয়ে পৌরাণিক ব্যাখ্যাকে এবার তাদের মণ্ডপ-সজ্জায় কাজে লাগিয়েছে এই পুজো কমিটি। সামবেদেই আছে অগ্নি বায়ুকে পুড়িয়ে জন্ম দিয়েছিল একটি বিন্দুর। পৌরাণিক মতে এটাই 'জন্ম'। অন্যদিকে বায়ু আবার অগ্নিতে যখন নিজে সমর্পণ করে তখন তা মৃত্যু। জন্ম-আর মৃত্যুর এই খেলাকেই এবার তাদের মণ্ডপে তুলে ধরছে নাকতলা উদয়ন সংঘ।

বিষয় ভাবনা এবং প্রতিমায় বরাবরই চমক দেয় নাকতলা উদয়ন সংঘ। কম করেও পুজোর একটি একটি দিনেই ঘণ্টায় প্রায় কয়েক হাজার মানুষের সমাবেশ ঘটে পুজো মণ্ডপে। নাকতলা উদয়ন সংঘের পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য একদম ঠাকুরের ভাবনার আদলেই মণ্ডপের সজ্জা। এবারও একইভাবে প্রতিমার ভাবনার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে মণ্ডপের ভাব-বৈচিত্র্য। দেখলে যেন মনে হবে এক বিন্দুতে ডানা মেলেছে কোনও পাখি। আর তার সঙ্গেই ডানা মেলবে জগতের জন্ম-মৃত্যুর ব্যাখ্য়া। যার শীর্ষনাম দেওয়া হয়েছে 'অসু'অন্ত'।

নাকতলা উদয়ন সংঘের সহ-সম্পাদক অঞ্জন দাস জানালেন, 'প্রতিবারের মতো এবারও পুজো ভাবনায় তার সেরাটাই দেবে নাকতলা উদয়ন। পুজোর জন্য ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সমাজসেবামূসলক কর্মসূচিও নেওয়া হয়। এবারও তার অন্যথা হচ্ছে না। দরিদ্র মানুষদের জন্য বস্ত্র বিতরণ করা হবে। এছাড়াও বন্যা পীড়িতদের ত্রাণসাহায্যেও বিশেষ উদ্যোগ নিয়েছে ক্লাব।'

নাকতলা উদয়ন সংঘের পুজোর সঙ্গে জড়িয়ে আছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। তিনি এই পুজো কমিটির চেয়ারম্যান। মহালয়ার পরই উদ্বোধন হয়ে যাবে নাকতলা উদয়ন সংঘের পুজো। আর তারপরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে পুজো মণ্ডপের দরজা। ফি বছরই এই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তাঁর হাতেই এই পুজোর উদ্বোধন হওয়ার কথা। সঙ্গে অবশ্যই থাকবেন চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও থাকবেন সাধারণ সম্পাদক বাপ্পাদিত্য দাশগুপ্ত। থাকবেন নাকতলা উদয়ন সংঘের পুজোর এবারের দুই ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া এহসান ও অপরাজিত আঢ্য।

নাকতলা উদয়ন সংঘের পুজো থিম রূপায়ণের মূল কাজটি করছেন শিল্পী সুশান্ত পাল। এবারও তৈরি করা হয়েছে পুজোর থিম মিউজিক। যা তৈরি করেছেন শুভ এবং অনুপল। 'থিম সং' গেয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায়।
বহু বছর ধরেই কলকাতার অন্যতম সেরা পুজোর সম্মান পেয়ে আসছে নাকতলা উদয়ন সংঘ। এরমধ্যে বহুবারই সেরার সেরা হওয়ার সম্মানও মিলেছে। ঝুলিতে এসেছে এশিয়ান পেন্টস শারদ সম্মানও। এবারও কলকাতার অন্যতম সেরা পুজোর সম্মান তাদের বাঁধা বলেই মনে করছে ক্লাব কর্তৃপক্ষ।

নাকতলা উদয়ন সংঘের পুজো দেখতে হলে আসতে হবে নাকতলায়। কোনওভাবে নাকতলা শীতলা মন্দির স্টপে পৌঁছতে পারলেই চলে যাওয়া যাবে পুজো মণ্ডপ প্রাঙ্গণে। তবে দর্শনার্থীদের স্মরণে রাখতে কলকাতার অন্যতম সেরা এই পুজো দেখতে মহালয়ার পর থেকেই লাইন পড়ে যায়। তাই এখানে প্রতিমা দর্শনে এলে হাতে সময় নিয়েই আসাটা শ্রেয়।












Click it and Unblock the Notifications