মান্নান-হেনস্থায় বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল বাম-কংগ্রেসের বিধায়কদের
আবদুল মান্নানকে হেনস্থা নিয়ে কিছুতেই সুর নরম করার পক্ষপাতী নয় বাম ও কংগ্রেস শিবির। মঙ্গলবার বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করবে তারা।
কলকাতা, ১৪ ফেব্রুয়ারি : বিধানসভায় তুলকালামকে হাতিয়ার করেই আন্দোলনে ঝড় তুলতে চাইছেন বিরোধী কংগ্রেস ও বামফ্রন্ট্রের বিধায়করা। বিরোধী দলনেতা আবদুল মান্নানকে হেনস্থা নিয়ে কিছুতেই সুর নরম করার পক্ষপাতী নয় বাম ও কংগ্রেস শিবির। মঙ্গলবার বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করবে তারা।[মান্নানের উপর হামলার প্রতিবাদ, বুধবার বিধানসভা অভিযান কংগ্রেসের]
গতকালই পরিষদীয় দলের বৈঠক ডেকে বিধানসভা বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার পর্যন্ত। সিদ্ধান্ত হয়, বিধানসভা অভিযানের। বুধবার কংগ্রেস বিধানসভা অভিযান করবে। বামেরাও এই অভিযানে অংশ নিতে পারেন। তবে সিপিএম কিংবা বামফ্রন্ট্রের তরফ থেকে এখনও সে ব্যাপারে নিশ্চিত করা হয়নি কিছুই।

তবে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল সুজন চক্রবর্তী ও আনিসুর রহমানকে। তাঁরা গুরুত্বপূর্ণ মত প্রকাশ করেন বৈঠকে। এ থেকেই জল্পনা কংগ্রেসের বিধানসভা অভিযানে অংশ নিতে পারেন বাম বিধায়করা। ইস্যু যেহেতু সেই বিরোধী দলনেতা হেনস্থা, সেহেতু বিরোধীরা একযোগেই আন্দোলনে সামিল হতে পারেন।
বিধানসভা তুলকালামকাণ্ডে প্রতিবাদের রাস্তায় থাকতেই এদিন বিধানসভা থেকে শাসক বিরোধী মিছিল যাবে রাজভবন পর্যন্ত। বামফ্রন্ট ও কংগ্রেসের প্রায় সমস্ত বিধায়কই এদিন অংশ নেবেন মিছিলে। সোমবারও তাঁরা বিধানসভার বাইরে ও ভিতের বিক্ষোভে সামিল হন।
আবদুল মান্নানকে হেনস্থা ও কংগ্রেস বিধায়ক প্রতিমা রজককে নিগ্রহের অভিযোগে সোচ্চার হন বিরোধীরা। অধীর চৌধুরী জানিয়েছেন, বিধানসভা অভিযান তো হবেই, প্রয়োজনে আইন অমান্য আন্দোলনও হতে পারে।












Click it and Unblock the Notifications