নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন কুন্তল ঘোষ
কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কুন্তল ঘোষ। শর্তসাপেক্ষে এই জামিন মঞ্জুর করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের প্রাক্তন যুব নেতা। সিবিআই ও ইডি দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে তার বিরুদ্ধে। গ্রেফতারের পর থেকে দীর্ঘ সময় ধরে তিনি জেলবন্দি।
মধ্যে একাধিক সময় কুন্তল ঘোষ জামিনের আবেদন করেছেন। প্রতিবারই সেই জামিনের আবেদন খারিজ হয়ে যায় একাধিক আদালতে। আবার কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন কুন্তল ঘোষের আইনজীবী। বিচারপতি শুভ্রা ঘোষ রায়ের এজলাসে জামিনের আবেদনের শুনানি হয়।

বুধবার জামিন পেলেন কুন্তল ঘোষ। তবে আদালত একাধিক শর্ত দিয়েছে তাকে। ইডির দায়ের করা মামলায় জামিনের আবেদন মঞ্জুর করা হল। এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে যান কুন্তল। মামলা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এক মাসের মধ্যে ওই মামলার নিষ্পত্তি করার পরামর্শ দেয় সর্বোচ্চ আদালত।
এদিন জামিন মঞ্জুর করে একাধিক শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। কুন্তলের পাসপোর্ট থাকলে তা জমা রাখতে হবে। নিম্ন আদালতে শুনানির সময় কুন্তল ঘোষকে সেখানে হাজির থাকতে হবে। মোবাইল নম্বর তাকে জমা দিতে হবে আদালতে। সেই নম্বর তিনি বদল করতে পারবেন না। কোনও তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না। কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না।
১০ লক্ষ টাকার বন্ডে জামিন এদিন মঞ্জুর করা হয়েছে। ইডি মামলায় জামিন পেলেও এখনই জেল থেকে মুক্ত হতে পারছেন না কুন্তল ঘোষ। কারণ, সিবিআইয়ের মামলা চলছে। সেই মামলায় এখনও তিনি জামিন পাননি। প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল কুন্তল ঘোষের। নিয়োগ দুর্নীতি মামলায় আরেক অভিযুক্ত গ্রেফতার হওয়া তাপস মন্ডল কুন্তল ঘোষের নাম করেছিলেন। চাকরি দেওয়ার নামে তিন কোটি টাকার বেশি তুলেছিলেন কুন্তল। এই কথা শোনা যায়।
তদন্তে নেমে আরও কয়েক গুণ বেশি টাকা তোলার অভিযোগ সামনে আসে। ইডি ও সিবিআই দুই সংস্থাই কুন্তলের বিরুদ্ধে তদন্ত চালায়। ২০২৩ সালের শুরুতে কুন্তল ঘোষ গ্রেফতার হয়েছিলেন।












Click it and Unblock the Notifications