৩৪ মাস পর মহাষষ্ঠীতে ঘরে ফিরলেন কুণাল
কলকাতা, ৭ অক্টোবর : জামিন পাওয়ার দু'দিন পর জেল থেকে মুক্তি পেলেন কুণাল ঘোষ। শুক্রবার মহাষষ্ঠীতে দেবীর বোধনের দিন জেল থেকে বেরিয়ে তিনি বললেন, খারাপ সময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ। তাঁদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। কুণালবাবু এদিন আরও বলেন, এখনও অনেকদূর যেতে হবে। ভগবানের উপর ভরসা আছে। আদালতের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে।
পুজোর দু'দিন আগেই জামিন পেলেও জেল কোডে আটকে পড়ে তাঁর মুক্তি পিছিয়ে যায়। তবে বৃহস্পতিবারই তিনি ছাড়া পাবেন এমনটাই স্থির ছিল। কিন্তু তাঁর মুক্তি আটকে গেল নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে কাগজপত্র না পৌঁছনোয়।

ওইদিন সময় পার হয়ে যাওয়ার পর আদালতের নথি আসে জেল কর্তৃপক্ষের কাছে৷ আজ, মহাষষ্ঠীতে বাড়ি ফিরলেন তিনি।
৫ অক্টোবর তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। ৩৪ মাস পর বিচারপতি অসীমকুমার রায় ও মলয়মারুৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তাঁর অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছে ১১ নভেম্বর পর্যন্ত।
তার উপর শর্ত আরোপ করা হয়েছে নারকেলডাঙা থানা এলাকার বাইরে তিনি যেতে পারবেন না। ফলে এবার পুজোয় কুণাল ঘোষের ঠিকানা হচ্ছে সুকিয়া স্ট্রিটের বাড়ি। অসুস্থ মায়ের পাশে থাকতে পারবেন তিনি। দু'বছর পর পুজো কাটাতে পারবেন পরিবার-পরিজনদের সঙ্গে।
এদিন জেলের বাইরে তাঁর পরিবারের লোকজন অপেক্ষায় ছিলেন। এদিন পুলিশের একাংশ, জেল কর্তৃপক্ষ ও বন্দিদের ধন্যবাদ জ্ঞাপন করেন তাঁর পাশে থাকার জন্য।
২০১৩ সালের ২৩ নভেম্বর সারদাকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে সমস্ত মামলাতেই তিনি জামিন পেয়ে গিয়েছিলেন। শুধু সারদা রিয়েলিটি মামলায় তাঁর জামিন আটকে ছিল। এই মামলায় দোষীসাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ৩৬ মাস জেল হতে পারত। তার মধ্যে বছরে ৪৫ দিন হিসেবে তাঁর ছুটি প্রাপ্য চার মাস ১৫ দিন। অর্থাৎ তাঁকে সর্বোচ্চ জেল খাটতে হবে ৩১ মাস ১৫ দিন। কিন্তু কুণাল ঘোষ জেল খেটে ফেলেছেন ৩৪ মাস ১১ দিন। ফৌজদারি আইন অনুযায়ীয় তাঁর জামিন মঞ্জুর হয়।












Click it and Unblock the Notifications