বাংলায় বিকল্প রাজনীতি! কটাক্ষ পাল্টা কটাক্ষের মধ্যে পোস্টার রহস্যে ইঙ্গিত পূর্ণ মন্তব্য কৌস্তভ বাগচীর
বাংলায় বিকল্প রাজনীতি। রবিবার বর্ষশেষের দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে 'বাংলায় বিকল্প রাজনীতি'। কিন্তু সেখানে প্রচারকের নাম নেই। যা নিয়ে বাংলার রাজনৈতিক মহলে রহস্য তৈরি হয়। বেলা বাড়তেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দোষারোপের পালা চলে।
তবে এব্যাপারে তিনি দায় এড়াচ্ছেন না বলে জানিয়েছেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের আগামীর দিনের ভবিতব্য হচ্ছে এই বিকল্প রাজনীতি। বহুবার তিনি এই কথা বলেছেন। মন্দির বিরোধী রাজনীতির পরিসরে একটা শূন্যতা রয়ে গিয়েছে। যা পরিপূরণ করতে পারে এই বিকল্প রাজনীতি।

তিনি বলেছেন, বছরের শেষ দিনে মহানগরের অলিতে গলিতে ও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় এই বিকল্প রাজনীতির পোস্টারটা পড়েছে। সাধারণ মানুষও চাইছে এই বিকল্প রাজনীতিকে ধরে রেখে আগামী দিনে কিছু করার জন্য এবং তার দলের তরফ থেকেও অনেক ফোন এসেছে এবং তাঁর সঙ্গে কথা হয়েছে অনেক মানুষের।
তিনি আরও বলেছেন, তাঁর এই সহজপন্থাকে যদি বাংলার সাধারণ মানুষ গ্রহণ করেন তাহলে তিনি সাধুবাদ জানাবেন। তিনি বলেছেন, কারা এই পোস্টার মারলো, সেটা তিনি জানেন না। কিন্তু এই কথার দায় তিনি এড়াতে পারেন না। তিন মাস ধরে এই কথা তিনি বলে এসেছেন। এই কথা যদি সাধারণ মানুষ গ্রহণ করেন, তাতে আপত্তি কোথায় প্রশ্ন করেছেন কৌস্তভ।
কৌস্তভ বলেছেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্বন্ধে মানুষ একটু ধোঁয়াশার মধ্যে রয়েছেন। যদি তাঁর দল কংগ্রেসের কথা বলেন, তাহলে বারবার তারা নিজেদের স্ট্যান্ড বদলেছে। কখনও তৃণমূলের সঙ্গে জোট, কখনও সিপিএমের সঙ্গে কিংবা কখনও একলা চলার নীতি নিয়েছে।
নিজের দলকে কটাক্ষ করে তিনি বলেছেন, নিজেদের স্ট্যান্ড বদলেছে কংগ্রেস, কর্মীদের নিয়ে যাচাই করেছে। একটা গিনিপিগকে নিয়েও এত যাচাই করা হয় না, বলেছেন তিনি। কৌস্তভ বলেছেন, গত কয়েকটি নির্বাচন লক্ষ্য করলে দেখা যায় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ব্যাপক ঝামেলা-গণ্ডগোল-খুন হয়েছে। তারপরও দিল্লিতে তাদের সঙ্গে জোট নিয়ে কথাবার্তা চলছে। আদৌ এই জোট হবে কিনা তা তিনি জানেন না বলেও জানিয়েছেন।
এদিকে রাজ্যে বিকল্প রাজনীতি বলতে বিজেপিকেই দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে কৌস্তভ বাগচীর ফেসবুক পোস্ট প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, তিনি কৌস্তভকে বলবেন লোকসভা পর্যন্ত দেখতে। বাংলায় বিকল্প রাজনীতি বিজেপির।
অন্যদিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বাংলায় বিকল্প রাজনাতি মানেই তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, পোস্টার দিলেই তা মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারে না।
কংগ্রেসের তরফে মুখপাত্র সৌম্য আইচ রায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, পদ্মফুলের জামা গায়ে দিয়ে, কয়লা গরু বালি চুরির টাকায়, বিকল্প রাজনীতির নামহীন পরিচয়হীন রাতের অন্ধকারের পোস্টার, হিম্মত থাকলে মুখোশ ছেড়ে আগে সমাজে আগে নিজেদের পরিচয় দিন, পরে বিকল্প রাজনীতির কথা বলবেন।
দিনের শুরুতে এই পোস্টার নিয়ে অবশ্য বিজেপি ও তৃণমূল পরষ্পরকে দোষারোপ করে। পরে এর রহস্য পুরোপুরি না কাটলেও দায় নেন কৌস্তভ।












Click it and Unblock the Notifications