বড়দিনের আমেজে ভাসা শহর কলকাতা ভুগল অন্য এক যাতনায়
যাঁরা অ্যাপ-বেসড ক্যাব পরিষেবার ভরসায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাড়ি দিতে চেয়েছেন তাঁরা সমস্যায় পড়েছেন।
ক্রিসমাসের দিন কেক কেটে আনন্দে পরিবার-স্বজনের সঙ্গে থেকে দিন কাটিয়েছেন প্রায় সকলেই। তবে রাস্তায় যাঁরা বেরিয়েছেন বা বেরোতে চেয়েছেন তাদের দারুণ ভোগান্তি হয়েছে বলেই খবর। বিশেষ করে যাঁরা অ্যাপ-বেসড ক্যাব পরিষেবার ভরসায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাড়ি দিতে চেয়েছেন।

এই অপারেটরদের একটি অংশ আচমকা স্ট্রাইক ডেকে বসেন। যার ফলে বহু ক্যাব রাস্তায় নেমেও যেতে অস্বীকার করে। তার সঙ্গে যুক্ত হয়েছিল নো রিফিউসাল ট্যাক্সির রিফিউসাল। ফলে বড়দিনে বড়ই দুর্ভোগে পড়তে হয়েছিল অনেককে। পরে বিকেলের পর অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর হস্তক্ষেপে ক্যাব রাস্তায় নামে।
তবে ততক্ষণে যা দেরি হওয়ার হয়ে গিয়েছে। অনেক জায়গায় যাত্রীদের গাড়ি থেকে বের করে দেওয়ারও অভিযোগ উঠেছে। মদন মিত্র বলেন, আচমকা স্ট্রাইক ডাকা হয়েছিল। তবে তা বানচাল করে দেওয়া হয়েছে। উৎসবের সময়ে এমন স্ট্রাইক করা যাবে না। সাফ জানিয়েছেন তিনি।
এদিকে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী অ্যাপ ক্যাব অপারেটরদের পাশে দাঁড়িয়ে ওলা-উবার সংস্থার ঘাড়ে দোষ চাপিয়েছেন।
ক্যাব স্ট্রাইকের ফলে তপসিয়া, উল্টোডাঙা, পাক সার্কাস, হাওড়া, শিয়ালদহ এলাকায় যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। শহরের বাইরে থেকে এসে হয়রানির শিকার হতে হয়েছে সকলকে।












Click it and Unblock the Notifications