Kolkata Weather: অতি গভীর নিম্নচাপের জেরে দুর্যোগ! ইডেনে বিশ্বকাপ সেমিফাইনালে বৃষ্টির ভ্রুকুটি
Kolkata Weather: সকাল থেকেই কলকাতা-সহ আশপাশের এলাকায় মেঘলা আকাশ। বেলা বৃদ্ধির সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। যে কারণে ইডেনে বিশ্বকাপ সেমিফাইনালের আগে বৃষ্টির ভ্রুকুটি তৈরি হয়েছে। এদিন দুপুর থেকে কলকাতায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সময় যত গড়াবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পতে পারে। শুধু বৃহস্পতিবারেই নয়, শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়াবিদরা বৃষ্টির কারণে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন। বৃহস্পতিবারের থেকে শুক্রবার বেশি বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সেই কারণে বৃহস্পতিবার বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গেলে তা শুক্রবার হতে পারে। তবে আশার কথা হল, ইডেনে মাঠ ঢাকা থাকে। বৃষ্টি থামলে খেলা শুরু হবে। আর আকাশ মেঘলা থাকলে, খেলায় কোনও প্রভাব ফেলবে না।

এদিন সকালে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঘন্টায় ১৮ কিমি বেগে। এদিন সকালে যার অবস্থান ছিল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৩৮০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, ওড়িশার পারাদ্বীপ থেকে ৩৮০ কিমি দক্ষিণে, পশ্চিমবঙ্গের দিঘাব থেকে ৫৩০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৭০ কিমি দক্ষিণ পশ্চিমে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই গভীর নিম্নচাপ উত্তর-উত্তর-পূর্বে অগ্রসর হবে এবং আরও শক্তি বাড়িয়ে অতিগভীর নিম্নচাপে পরিণত হয়ে ১৮ নবেম্বর সকাল নাগাদ বাংলাদেশের মোংলা এবং খেপুপারার মধ্যে ঘন্টায় ৫৫-৬৫ কিমি বেগে আছড়ে পড়বে।
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, যোলো ও সতেরোই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার অনেক জায়গাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে ১৬ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ১৭ নভেম্বর অর্থাৎ শুক্রবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও হাওড়ার দু-একটি জায়গায়।
আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপকূলে ঝোড়ো হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি। দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৭০ কিমি। বিকেল নাগাদ যা বেড়ে হতে পারে ঘন্টায় ৫০-৬০ কিমি এবং ঘন্টায় ৭০ কিমি।












Click it and Unblock the Notifications