Kolkata Weather: শনিবার কি পুজোর বাজারে জল ঢালবে বৃষ্টি? একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
Kolkata Weather: সামনে বিশ্বকর্মা পুজো। একমাস পরে মহালয়া। তারই মধ্যে জমজমাট পুজোর বাজার। কিন্তু মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি বাধা তৈরি করছে কলকাতা ও আশপাশের এলাকায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়।
শনিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৮৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১২ মিমি।
আবহাওয়া দফতর জানিয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার ওপরে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণে অবস্থান করে জয়সল থেকে কোটা, গুনা, নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে ওড়িশার সম্বলপুর ও গোপালপুর এলাকার মধ্যে দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে।

এছাড়াও হরিয়ানা ও সংলগ্ন এলাকার ওপরে একটি এবং উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার ওপরে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৪২-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৪-তে।












Click it and Unblock the Notifications