Kolkata Weather: আবহাওয়ার কারণে কি বিঘ্নিত হতে পারে পুজোর বাজার-মণ্ডপ সজ্জা? একনজরে কলকাতার পূর্বাভাস
Kolkata Weather: সকাল থেকে আকাশ কার্যত পরিষ্কার। বাংলার প্রতিবেশী বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু অংশ থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু বাংলার ক্ষেত্রে এখনও তা হয়নি। এদিকে পুজোর দু-সপ্তাহ বাকি নেই। চলছে মণ্ডপ সজ্জা আর পুজোর বাজার। এরই মধ্যে ফের বৃষ্টি হলে দুই জায়গাতেই কাজে ব্যাঘাতের আশঙ্কা।
শনিবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবারও এই একই তাপমাত্রা ছিল। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে একটি নিম্নচাপ এই মুহূর্তে বাংলাদেশের মধ্যভাগে এবং সন্নিহিত এলাকার ওপরে অবস্থান করছে। অন্যদিকে একটি অক্ষরেখা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে নাগাল্যান্ড থেকে দক্ষিণ পশ্চিম বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.২১-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.৩০-তে।
শুক্রবার বেশ কিছু রাজ্য থেকে মৌসুমী বায়ু পুরোপুরি বিদায় নিয়েছে। এর মধ্যে রয়েছে, জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজাফফরাবাদের বাকি অংশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তর প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাত, পূর্ব উত্তর প্রদেশের কিছু অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, মারাঠাওয়াড়া, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন, পুরো উত্তর আরব সাগর এবং মধ্য আরব সাগরের কিছু অংশ।
দেশের যেসব এলাকা দিয়ে এই মুহূর্তে মৌসুমী বায়ু বিদায়ের রেখা রয়েছে, তা হল লখনৌ, সাতনা, নাগপুর, পারভানি, পুনে এবং আলিবাগ।
আগামী ২-৩ দিনের মধ্যে কয়েকটি রাজ্য কিংবা রাজ্যের অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার অনুকূল পরিবেশ তৈরি হতে চলেছে। এর মধ্যে রয়েছে পূর্ব উত্তর প্রদেশের বাকি অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিহারের কিছু অংশ, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের কিছু অংশ এবং মধ্য আরব সাগরের অংশ।












Click it and Unblock the Notifications